• NEWS PORTAL

  • শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

এলএনজি আমদানিতে বছরে ব্যয় ২৬ বিলিয়ন ডলার, বাড়ছে জলবায়ুর ক্ষতিও

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪৩, ২৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
এলএনজি আমদানিতে বছরে ব্যয় ২৬ বিলিয়ন ডলার, বাড়ছে জলবায়ুর ক্ষতিও

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিনির্ভর বিদ্যুৎ উৎপাদনের কারণে বাংলাদেশের বছরে সর্বোচ্চ ২৫.৮ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হতে পারে। এর ফলে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে এবং ক্ষতিকর দূষণ ও বন্যা ও ঘূর্ণিঝড়সহ আরও তীব্র জলবায়ু দুর্যোগের কারণে স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে। এমন তথ্য উঠে এসেছে মার্কেট ফোর্সেস, ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর একটি প্রতিবেদনে।

নতুন প্রতিবেদন এলএনজির শেষ চেষ্টা: বাংলাদেশের জন্য এমআইডিআই মাস্টারপ্ল্যান (LNG’s Last Ditch: The MIDI Master Plan for Bangladesh)-এ দেখা গেছে, দক্ষিণ-পূর্ব বাংলাদেশের মহেশখালী-মাতারবাড়ী সমন্বিত অবকাঠামো উন্নয়ন উদ্যোগ (Moheshkhali-Matarbari Integrated Infrastructure Development Initiative—MIDI) এবং এর পরিকল্পিত জীবাশ্ম জ্বালানিভিত্তিক উন্নয়ন প্রকল্পে ২০ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হবে। ব্যয়বহুল ও অনির্ভরযোগ্য এলএনজি আমদানির ওপর বাংলাদেশকে নির্ভরশীল করে রাখার এটি একটি চেষ্টা।

শনিবার (২৮ নভেম্বর) কক্সবাজারের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (DPHE) ওয়াশ ট্রেনিং সেন্টারে উক্ত প্রতিবেদনটি প্রকাশ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধরা-কক্সবাজারের আহ্বায়ক ফজলুল কাদের চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মার্কেট ফোর্সেসের এশিয়া এনার্জি ট্রানজিশন পরিচালক মুনিরা চৌধুরী। নির্ধারিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন JACSES-এর প্রোগ্রাম ডিরেক্টর ইউকি তানাবে, ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক ও ধরার সদস্যসচিব শরীফ জামিল, অয়েল চেঞ্জ ইন্টারন্যাশনাল ও ফসিল-ফ্রি জাপানের জাপান ফাইন্যান্স ক্যাম্পেইনার মাকিকো আরিমা, সিটি কলেজ, কক্সবাজারের সাবেক অধ্যক্ষ ক্যা থিং অং, কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সারওয়ার কামাল ও কক্সবাজার সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রাধু বড়ুয়া চৌধুরীসহ অন্যান্য অতিথি ও অংশীজন।

গবেষণায় দেখা গেছে, ক্রমবর্ধমান বিদ্যুৎ বিল ও লোডশেডিংয়ের বোঝায় বাংলাদেশের উৎপাদনশীল শিল্প খাত এবং ভোক্তারা ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ঝুঁকিপূর্ণ ও ব্যয়বহুল আমদানিকৃত এলএনজির ওপর নির্ভরশীল হলে এই সংকট আরও খারাপ রূপ নিতে পারে।

মার্কেট ফোর্সেসের এশিয়া এনার্জি ট্রানজিশন ডিরেক্টর এবং প্রতিবেদনের লেখক মুনিরা চৌধুরী বলেন, “জাপানি কোম্পানি ও স্বার্থসংশ্লিষ্ট মহল বাংলাদেশকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের ওপর বিপজ্জনক নির্ভরশীলতার শেষ পর্যায়ে ঠেলে দিচ্ছে, যা লাখ লাখ মানুষের জীবন এবং নিরাপদ জলবায়ুকে ঝুঁকির মুখে ফেলছে। নতুন ও ব্যয়বহুল জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা তৈরি করা বাংলাদেশের জন্য দ্বিমুখী বিপদ ডেকে আনছে: বিষাক্ত দূষণে ইতোমধ্যে হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে, অন্যদিকে আমদানিকৃত গ্যাসের আকাশচুম্বী ব্যয় উৎপাদনশীল শিল্প খাতকে বিপর্যস্ত করছে, জীবিকা কেড়ে নিচ্ছে এবং উৎপাদন ব্যাহত হওয়ার কারণে শত শত মিলিয়ন ডলারের ক্ষতি হচ্ছে।” (তথ্যসূত্র: ল্যানসেট কাউন্টডাউনের ২০২৫ সালের বৈশ্বিক প্রতিবেদন ও আইকিউএয়ার)

তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষের সাশ্রয়ী নবায়নযোগ্য জ্বালানি ও নির্মল বায়ু প্রয়োজন। গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে আমাদের দূষণকে আরও প্রাণঘাতী এবং জলবায়ু দুর্যোগকে আরও বিপজ্জনক করে তোলার প্রয়োজন নেই। জেরা (JERA), সুমিতোমো (Sumitomo) এবং ইতোচু করপোরেশন (Itochu Corporation)-সহ জাপানি কোম্পানিগুলোর সামনে বাংলাদেশের অর্থনীতিতে সৌর ও বায়ুশক্তিনির্ভর একটি অধিক নিরাপদ ও সুরক্ষিত বিনিয়োগের গুরুত্বপূর্ণ সুযোগ রয়েছে।”

ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক এবং ধরার সদস্যসচিব শরীফ জামিল বলেন, “এমআইডিআই মাস্টারপ্ল্যানের আওতায় নতুন গ্যাস অবকাঠামোতে ২০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ বাংলাদেশকে বায়ুদূষণ, ম্যানগ্রোভ বন ধ্বংস, ঋণের বোঝা এবং জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত ধাক্কার মধ্যে আটকে ফেলবে, যার সরাসরি প্রভাব পড়বে আমাদের তৈরি পোশাকশিল্পে। পুরোনো ও মেয়াদোত্তীর্ণ জীবাশ্ম জ্বালানিভিত্তিক অবকাঠামোয় অর্থায়নের পরিবর্তে আন্তর্জাতিক অর্থায়নকারীদের প্রকৃত গ্রিড সক্ষমতা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে ২০৩০ সালের নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করতে হবে।”

ধরা-কক্সবাজারের আহ্বায়ক ফজলুল কাদের চৌধুরী বলেন, “এলএনজি আমদানির ফলে আমাদের যে ক্ষতি হচ্ছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় আমাদের এখনই। আমাদের এই অঞ্চলে আমরা যে ক্ষয়ক্ষতির শিকার হচ্ছি, তার পুনরাবৃত্তি যেন না হয়, তা নিশ্চিত করতে আমাদের নবায়নযোগ্য জ্বালানির দিকে অগ্রসর হতে হবে। প্রাকৃতিক উৎসগুলো ব্যবহার করে আমরা আমাদের জ্বালানির ঘাটতি মেটাতে সক্ষম। এর ফলে আমাদের স্বাস্থ্যজনিত যেসব নানা দুর্ভোগ দিনে দিনে আরও তীব্র আকার ধারণ করছে, তাও কমিয়ে আনা সম্ভব।”

কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সারওয়ার কামাল প্রতিবেদনের মূল প্রবন্ধের সঙ্গে সমন্বয় রেখে বলেন, “বর্তমান জ্বালানি আমদানির পরিস্থিতিতে দেশে ভূরাজনৈতিক অবস্থার ওপর প্রভাব পড়ছে। এখনই সময় বায়ু, পানি, সূর্যের মতো বিকল্প উপায়ের দিকে এগিয়ে যাওয়ার।”

কক্সবাজার সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রাধু বড়ুয়া চৌধুরী বলেন, “বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার জন্য দেশের বিদ্যমান প্রাকৃতিক সম্পদের যথোপযুক্ত ব্যবহারের মাধ্যমে এই কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া সম্ভব। কিন্তু এর জন্য সকলকে একই সঙ্গে এগিয়ে আসা সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

প্রতিবেদনে তুলে ধরা হয়েছে, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং এলএনজি সরবরাহে বিঘ্ন বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের প্রধান খাত ও রফতানি প্রতিযোগিতার সক্ষমতাকে হুমকির মুখে ফেলছে। আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ডগুলো তাদের জলবায়ু প্রতিশ্রুতি আরও জোরদার করছে। একই সঙ্গে বাংলাদেশের শিল্প খাতের নেতারা নবায়নযোগ্য জ্বালানি, ব্যাটারি সংরক্ষণ ব্যবস্থা এবং বিদ্যুতায়নের দিকে উত্তরণে সহায়তা বাড়াতে ইউনিক্লোর মতো ব্র্যান্ডগুলোর প্রতি আহ্বান জানাচ্ছেন।

মার্কেট ফোর্সেসের বিশ্লেষণে দেখা গেছে, এমআইডিআইয়ের জীবাশ্ম জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো তাদের কার্যক্রমের মেয়াদকালে ১ বিলিয়ন টনেরও বেশি কার্বন নিঃসরণ করবে, যা বাংলাদেশের বর্তমান জীবাশ্ম জ্বালানিভিত্তিক নিঃসরণের দশ গুণেরও বেশি। এর ফলে বিশ্বের অন্যতম ভয়াবহ বায়ুদূষণের কারণে সৃষ্ট প্রাণঘাতী স্বাস্থ্য ও পরিবেশগত প্রভাব আরও তীব্র হবে।

গবেষণায় দেখা গেছে, বাংলাদেশ এখন একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ ত্বরান্বিত করতে হবে। এ ক্ষেত্রে ২৪০ গিগাওয়াট সৌরবিদ্যুৎ এবং ৩০ গিগাওয়াট স্থলভিত্তিক বায়ুবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনাকে কাজে লাগানো যেতে পারে।

বাংলাদেশ সরকার ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে ১০ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এবং ২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য শতাংশ করের হারসহ গুরুত্বপূর্ণ নীতিগত প্রণোদনা চালু করেছে।

বিভি/কেএস/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত