১২ মার্চ ঢাবিতে ‘কেমন পরিবেশ চাই?’ শীর্ষক জাতীয় সংলাপ
বাংলাদেশের নতুন সরকার ও নবনিযুক্ত পরিবেশ নেতৃত্বের প্রেক্ষাপটে নাগরিকদের সম্মিলিত পরিবেশ ভাবনা ও প্রত্যাশা তুলে ধরতে আগামী ১২ মার্চ আয়োজিত হতে যাচ্ছে এক বিশেষ জাতীয় সংলাপ। ‘কেমন পরিবেশ চাই? – জনগণের পরিবেশ নিয়ে প্রত্যাশা প্রকাশের জাতীয় সংলাপ’ শীর্ষক এই অনুষ্ঠানটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটোরিয়ামে বিকাল ৩:০০টা থেকে সন্ধ্যা ৬:০০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এই সংলাপটি কেবল একটি প্রথাগত সেমিনার নয়, বরং এটি একটি ‘জাতীয় লিসেনিং প্ল্যাটফর্ম’ হিসেবে কাজ করবে। যেখানে নাগরিক সমাজ, বিশেষজ্ঞ, গবেষক এবং তরুণ প্রজন্মের মতামতের ভিত্তিতে একটি “জনগণের পরিবেশ অগ্রাধিকার তালিকা” তৈরি করা হবে এবং তা পরবর্তী সময়ে নীতিনির্ধারকদের কাছে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে।
আয়োজনটি সম্পর্কে বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার বলেন: "বায়ুদূষণসহ পরিবেশগত বিপর্যয় এখন জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি। নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা-পরিবেশ রক্ষা যেন কেবল কাগজের নীতিতে সীমাবদ্ধ না থাকে। এই সংলাপের মাধ্যমে আমরা বৈজ্ঞানিক তথ্য ও জনগণের অভিজ্ঞতার সমন্বয় ঘটিয়ে একটি কার্যকর রোডম্যাপ তৈরি করতে চাই।"
বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মনির হোসেন নদী ও জলাশয় রক্ষার ওপর জোর দিয়ে বলেন: "নদী বাঁচলে বাংলাদেশ বাঁচবে। দখল ও দূষণমুক্ত নদীর জন্য জনগণের যে তীব্র আকাঙ্ক্ষা, তা এই প্ল্যাটফর্মে জোরালোভাবে উঠে আসবে। আমরা চাই নতুন সরকার নদী রক্ষায় জিরো টলারেন্স নীতি গ্রহণ করুক এবং জনগণের এই অগ্রাধিকারগুলোকে গুরুত্ব দিক।"
মিশন গ্রিন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আহসান রনি তরুণদের অংশগ্রহণ নিয়ে বলেন: "ভবিষ্যৎ বাংলাদেশের পরিবেশ কেমন হবে, তা নির্ধারণের অধিকার তরুণদের আছে। 'কেমন পরিবেশ চাই?' সংলাপটি তরুণ নেতৃত্ব ও শিক্ষার্থীদের জন্য একটি সুযোগ, যেখানে তারা তাদের সবুজ পৃথিবীর স্বপ্ন ও দাবিগুলো সরাসরি তুলে ধরতে পারবে। আমরা চাই একটি প্লাস্টিকমুক্ত ও সবুজ বাংলাদেশ।"
আয়োজকরা জানান, "এই সংলাপে একদিকে যেমন অভিজ্ঞ পরিবেশ বিশেষজ্ঞ ও গবেষকদের বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ থাকবে, অন্যদিকে থাকবে তরুণ নেতৃত্বের অদম্য সাহস ও নতুন দিনের স্বপ্ন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই সংলাপে সরকারি কর্মকর্তাদের উপস্থিতি নাগরিক প্রত্যাশা ও সরকারি কর্মপরিকল্পনার মধ্যে একটি সরাসরি সেতু তৈরি করবে। যখন অভিজ্ঞতার জ্ঞান, তারুণ্যের উদ্দীপনা এবং প্রশাসনের সদিচ্ছা এক টেবিলে বসবে, তখনই কেবল একটি দূষণমুক্ত, সবুজ ও টেকসই বাংলাদেশের প্রকৃত ‘জাতীয় অগ্রাধিকার তালিকা’ প্রণয়ন সম্ভব হবে।"
সংলাপের বিস্তারিত:
তারিখ: ১২ মার্চ, ২০২৬ (বৃহস্পতিবার)
স্থান: আর সি মজুমদার অডিটোরিয়াম, ঢাকা বিশ্ববিদ্যালয়
সময়: বিকাল ৩:০০টা - সন্ধ্যা ৬:০০টা
রেজিস্ট্রেশন লিংক: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfYyscXB10KT8NLNXTtXH1PeGrHdwxIF0EWsOqqzp_I6I58iw/viewform
বিভি/এজেড



মন্তব্য করুন: