মোহাম্মদপুরে ভবন থেকে নির্বিষ সাপ উদ্ধার
রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকার একটি ভবন থেকে একটি নির্বিষ সাপ উদ্ধার করেছে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বাওয়া)-এর সদস্যরা। বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
উদ্ধারকৃত সাপটি প্রায় দুই ফুটেরও বেশি লম্বা এবং ‘ঘরগিন্নী’ প্রজাতির বলে জানা গেছে। সাপটি টিকটিকি ও ইঁদুর শিকারের উদ্দেশ্যে ওয়াশরুমের টিনের চালার ফাঁক দিয়ে ভবনের ভেতরে প্রবেশ করেছিল বলে জানান অভিযানে উপস্থিত বাওয়া’র আহ্বায়ক আদনান আজাদ।
তিনি আরও বলেন, সাপ না মেরে উদ্ধারকর্মীদের সঙ্গে যোগাযোগ করার বিষয়টি দেশের প্রাণী সংরক্ষণে একটি ইতিবাচক দৃষ্টান্ত।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে ভবনের বাসিন্দারা টিনের ফাঁকে সাপটি দেখতে পেয়ে দ্রুত বাওয়া’র সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন। পরে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে নিরাপদে সাপটি উদ্ধার করে।
উদ্ধারের সময় সহস্রাধিক স্থানীয় বাসিন্দা কৌতূহলবশত সেখানে ভিড় করেন। এ সময় উপস্থিত জনগণের মধ্যে সাপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশে সাপের গুরুত্ব নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করেন বাওয়া’র সদস্যরা।
উল্লেখ্য, ‘দেশ হোক সকল প্রাণের নিরাপদ আবাসস্থল’—এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বাওয়া) দেশের প্রাণী ও পরিবেশ সংরক্ষণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: