• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

জলবায়ু পরিবর্তন নিয়ে ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্স

প্রকাশিত: ২০:৩২, ২ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
জলবায়ু পরিবর্তন নিয়ে ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্স

জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলা এবং গ্লোবাল সাউথের দেশগুলোর নিজস্ব অভিজ্ঞতার আলোকে টেকসই সমাধান খুঁজতে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে শুরু হচ্ছে ‘এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন’ শীর্ষক একটি বিশেষ আন্তর্জাতিক কোর্স।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকাল ৩ ঘটিকায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে ‘এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন’ শীর্ষক একটি বিশেষ আন্তর্জাতিক কোর্স-এর আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত আন্তর্জাতিক কোর্সটি বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস), সেন্ট্রাল ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (সিথ্রিইআর), মিশন গ্রিন বাংলাদেশের যৌথ উদ্যোগে এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ডান্ডির বিঙ্কস ইনস্টিটিউট ফর সাসটেইনেবিলিটি, যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট ইউনিভার্সিটির এশিয়া হাব, চীনের নানজিং এগ্রিকালচারাল ইউনিভার্সিটি এবং স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সহায়তায় কোর্সটি পরিচালিত হবে। ৩ এপ্রিল, শুক্রবার থেকে কোর্সটির ক্লাস শুরু হবে। 

উদ্বোধনী অনুষ্ঠানে জলবায়ু বিশেষজ্ঞ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত বলেন, ‘জলবায়ু পরিবর্তন এখন আর কেবল তাত্ত্বিক আলোচনার বিষয় নয়, এটি আমাদের অস্তিত্বের লড়াই। উন্নত বিশ্বের মডেল দিয়ে সবসময় আমাদের দেশের সমস্যা সমাধান সম্ভব নয়। এই কোর্সের মাধ্যমে আমরা তরুণ প্রজন্মকে এমনভাবে তৈরি করতে চাই, যারা বৈশ্বিক প্রেক্ষাপট মাথায় রেখে স্থানীয় সমাধান খুঁজে বের করবে।’

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. শরীফ এন. আস-সাবের তার বক্তব্যে বলেন, ‘একাডেমিক শিক্ষার পাশাপাশি মাঠপর্যায়ের গবেষণা ও উদ্ভাবনের সমন্বয় ঘটানোই আমাদের লক্ষ্য। এই কোর্সে বাংলাদেশসহ বিভিন্ন দেশের গবেষক ও পেশাদারদের অংশগ্রহণ জলবায়ু কূটনীতি ও প্রযুক্তিগত জ্ঞান বিনিময়ে এক নতুন মাত্রা যোগ করবে। স্টামফোর্ড ইউনিভার্সিটি এ ধরনের আন্তর্জাতিক জ্ঞানভিত্তিক উদ্যোগে যুক্ত হতে পেরে গর্বিত।’

ব্র্যাক বিশ্ববিদ্যালের রেজিস্ট্রার ড. ডেভ ডল্যান্ড অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে বলেন, ‘আমরা বিশ্বাস করি পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করতে হলে শিক্ষা এবং কর্মপরিকল্পনার মধ্যে কোনো দূরত্ব থাকা উচিত নয়। এই আন্তর্জাতিক কোলাবরেশন আমাদের শিক্ষার্থীদের বৈশ্বিক মানদণ্ডে দক্ষ করে তুলবে এবং গ্রিন ইকোনমি ও জলবায়ু সুবিচার নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

দুই মাসব্যাপী এই হাইব্রিড (অনলাইন ও অন-ক্যাম্পাস) কোর্সে বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন ও মালয়েশিয়ার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা মোট ১৮টি লেকচার প্রদান করবেন। কোর্সের মূল উদ্দেশ্য হলো উদীয়মান অর্থনীতির দেশগুলোর জন্য কার্যকর জলবায়ু নেতৃত্ব তৈরি করা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস)-এর চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার, সিথ্রিইআর-এর ডেপুটি ডিরেক্টর রউফা খানম, মিশন গ্রিন বাংলাদেশের নির্বাহী পরিচালক আহসান রনি, স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. নাছির আহম্মেদ পাটোয়ারী এবং ক্যাপস এর লিড রিসার্চার (দূষণ ও জলবায়ু পরিবর্তন) মারজিয়াত রহমান। এ সময় আন্তর্জাতিক পার্টনার প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি হিসেবে বক্তব্য প্রদান করেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ডান্ডির বিঙ্কস ইনস্টিটিউট ফর সাসটেইনেবিলিটি-এর সিনিয়র লেকচারার ও ডিরেক্টর ড. নন্দন মুখার্জি, যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট ইউনিভার্সিটির এশিয়া হাব-এর অ্যাসোসিয়েট ডিরেক্টর জেনিফার ওয়ারগো এবং চীনের নানজিং এগ্রিকালচারাল ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল কো-অপারেশন অফিসের ডেপুটি ডিরেক্টর ড. লিউ ইউটাও।

এই কোর্সের ইন্টারন্যাশনাল মেন্টররা অনলাইনে ক্লাস নেবেন এবং অফলাইন ক্লাসগুলো হবে বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, ইউল্যাব, স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশসহ বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে। আগামী ১২ জুন পর্যন্ত এই কোর্সের কার্যক্রম চলবে এবং ২য় কোর্স শুরু হবে জুন থেকে।

বিভি/এআই

মন্তব্য করুন: