অশ্রুসিক্ত বিদায়, মিরপুরে সমাহিত তৌফিক ইমরোজ খালিদী
ফাইল ছবি
বন্ধু, স্বজন, সাবেক ও বর্তমান সহকর্মী এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অশ্রুসিক্ত ভালোবাসায় শেষ বিদায় জানানো হয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে। শনিবার বিকেলে রাজধানীর বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
শনিবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ৩টার দিকে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে দুপুর আড়াইটা থেকে সেখানে প্রয়াত এই সাংবাদিকের প্রতি শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শুরু হয়। সহকর্মী ও শুভানুধ্যায়ীরা অশ্রুসিক্ত ভালোবাসায় তাকে শেষ বিদায় জানান।
জানাজার আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক বিশ্বদীপ দাশের বক্তব্য পড়ে শোনান প্রতিষ্ঠানটির প্রধান বার্তা সম্পাদক জাহিদুল কবির।
এ সময় পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন প্রয়াতের ভাতিজা তারাফ তাজিজ খালিদী। পরে তৌফিক ইমরোজ খালিদীর ছেলে এবং বাংলাদেশ নিউজ ২৪ আওয়ার্স লিমিটেডের পরিচালক রাদ শারার খালিদীর বক্তব্য পড়ে শোনান তারাফ খালিদী।
তৌফিক ইমরোজ খালিদীর প্রতি রাষ্ট্রপতির পক্ষ থেকে শ্রদ্ধা জানান তার সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম।
জানাজায় উপস্থিত ছিলেন প্রয়াত এই সাংবাদিকের বন্ধু, স্বজন, সাবেক ও বর্তমান সহকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাঁদের উপস্থিতিতে শেষ বিদায়ের আয়োজনটি শোক ও শ্রদ্ধার আবহে পরিণত হয়।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: