• NEWS PORTAL

  • শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

সরকারের জুলুমবাজির পতন হবে: ডা. শফিকুর রহমান

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২৩, ৩১ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
সরকারের জুলুমবাজির পতন হবে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করার পর বিএনপি বলছে গণভোট মানি না। ১১ দল গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত একটার পর একটা আন্দোলন চালিয়ে যাবে। এক দফা আন্দোলনের ডাক দিলে সবাইকে ঢাকায় যাওয়ার আহ্বান জানান তিনি। বিরোধী দলীয় নেতা সরকারকে জুলুমবাজ আখ্যা দিয়ে বলেন, জুলুমবাজির পতন হবে, জনগণের বিজয় হবে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে খুলনার শিববাড়ী মোড় বাবরি চত্বরে অনুষ্ঠিত পথসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। খুলনা মহানগর জামায়াত ইসলামের আমির মোহাম্মদ মাহফুজুর রহমান পথসভায় সভাপতিত্ব করেন।

পথ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা আব্দুল কাইয়ুম ছোবহানীসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।

খুলনার পথসভা শেষ করে লংমার্চ যশোর মুড়ালীর মোড় ও ঝিনাইদহ বাস টার্মিনাল হয়ে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে গিয়ে শেষ হবে।

এর আগে শনিবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিশাল গাড়িবহর নিয়ে খুলনার উদ্দেশে যাত্রা শুরু করেন নেতাকর্মীরা। ঢাকা থেকে কুষ্টিয়া পর্যন্ত প্রায় ৪১০ কিলোমিটারের এ লংমার্চে দেড় হাজার গাড়ি অংশ নিয়েছে।

বিভি/এআই

মন্তব্য করুন: