বিরোধী দল বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে: মির্জা আব্বাস
ফাইল ছবি
তথাকথিত বিরোধী দল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। তিনি বলেছেন, অযথা বিরোধিতা না করে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে। শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর শাহজাহানপুরে ঢাকা-৮ সংসদীয় আসনের বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, দেশ স্বাধীন হওয়ার পর এত বছর পেরিয়ে গেলেও এখনো কোমর সোজা করে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। তাই অযথা বিরোধিতা না করে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করতে হবে।
এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের সমালোচনা করে তিনি বলেন, তারা আওয়ামী লীগের সঙ্গে মিশে ফুলে-ফেঁপে উঠছে।
নিজ দলের নেতাকর্মীদের সতর্ক করে মির্জা আব্বাস বলেন, বিএনপির কেউ যদি আওয়ামী লীগকে জায়গা দেয়, তাহলে আওয়ামী লীগের পাশাপাশি তাদেরও প্রতিহত করা হবে।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর মানুষের প্রত্যাশা বেড়েছে। তাই জনগণের প্রত্যাশা পূরণে দলের সব পর্যায়ের নেতাকর্মীকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: