• NEWS PORTAL

  • শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

যশোরে পথসভায় বিএনপির উদ্দেশে ডা. শফিকুর রহমান

‘গণভোটের গণরায় অস্বীকারের মাশুল আপনাদের দিতে হবে’

রাজেক জাহাঙ্গীর, যশোর

প্রকাশিত: ২১:১১, ৩১ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
‘গণভোটের গণরায় অস্বীকারের মাশুল আপনাদের দিতে হবে’

সরকারের উদ্দেশে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আপনারা গণভোটের গণরায় অস্বীকার করেছেন। এর মাশুল আপনাদের দিতে হবে। আমরা রাস্তায় নেমেছি গণভোটের রায় বাস্তবায়নের জন্য। জনগণ রাজপথে নামলে দাবি আদায় করেই ছাড়বে।’

শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চের অংশ হিসেবে যশোরে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় ডা. শফিকুর রহমান বলেন, সংসদে সমস্যার সমাধান না হলে আজকের সাত দফা শেষ পর্যন্ত এক দফায় রূপান্তরিত হবে। সরকারকে আমরা সেইটুকু সময় দিতে চাই। আমরা সংসদে বসেই গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই হত্যাকাণ্ডের দ্রুত বিচার কার্যক্রম সম্পন্নসহ সাত দফা দাবির সমাধান করতে চাই। কিন্তু তা না হলে আবারও দেশের জনগণকে সঙ্গে নিয়ে গণবিপ্লবের ডাক দেওয়া হবে। প্রয়োজনে সরকার পতনের এক দফার আন্দোলনের ডাক দিতে আমাদের বাধ্য করবেন না।

পথসভায় বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, হাসনাত আবদুল্লাহ এমপি, এনসিপির যুগ্ম সদস্যসচিব সাঈদ মোস্তাফিজ, মুস্তাফিজুর রহমান ইরান, প্রকৌশলী রাশেদ প্রধান, এলডিপির বিল্লাল হোসেন নিয়াজী, বিডিপির চেয়ারম্যান আনোয়ার হোসেন চান ও মুফতি শরাফত হোসেন।

এ ছাড়া বক্তব্য দেন যশোর-১ আসনের সংসদ সদস্য মাওলানা মোক্তার আলী, যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এনামুল হক, ডাকসুর ভিপি সাদিক কায়েম, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর, চাকসুর ভিপি ইব্রাহিম রনি ও ডাকসুর জিএস এস এম ফরহাদ প্রমুখ।

যশোরের পথসভা শেষে লংমার্চের গাড়িবহর শহরের মণিহার, বারান্দীপাড়া, শেখহাটি হাইকোর্ট মোড়, নতুন উপশহর, খাজুরা বাসস্ট্যান্ড, পালবাড়ি, চূড়ামনকাটি ও সাতমাইল হয়ে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার উদ্দেশে রওনা হয়। সেখান থেকে বহরটি ঝিনাইদহের উদ্দেশে যাত্রা করে। এ সময় সড়কের দুই পাশে শত শত নারী-পুরুষ দাঁড়িয়ে লংমার্চের বহরকে স্বাগত জানান।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: