• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

পলাতক ফ্যাসিস্টদের জায়গা বাংলার মাটিতে হবে না: আমান উল্লাহ আমান 

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা

প্রকাশিত: ২৩:১১, ১৬ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
পলাতক ফ্যাসিস্টদের জায়গা বাংলার মাটিতে হবে না: আমান উল্লাহ আমান 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, কোনো পলাতক ফ্যাসিস্টদের জায়গা আর বাংলার মাটিতে হবে না। পলাতক কোনো ফ্যাসিস্টের নতুন করে দেশে ফিরে আসার নজির পৃথিবীর ইতিহাসে নেই। প্রতিবেশী একটি রাষ্ট্রে বসে ফ্যাসিস্টরা তাদের নেতা-কর্মীদের নানা ধরনের উসকানি দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে। তারা সারাদেশ থেকে তাদের নেতা-কর্মীদের গোপালগঞ্জে জড়ো করে দেশে নাশকতা সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু তাদের এই অপতৎপরতা শক্ত হাতে দমন করা হবে। 

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

আমান উল্লাহ আমান বলেন , ফ্যাসিস্টদের দোসররা যেন ঢাকা থেকে পদ্মা সেতু পার হয়ে সহজে গোপালগঞ্জে যেতে না পারে, সেজন্য টোল প্লাজায় গাড়ি চেক করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশনা দেন। তিনি বলেন বহিরাগত ফ্যাসিস্টদের দোসররা কেরানীগঞ্জে রাতে ঘুমায়, দিনে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে নাশকতা সৃষ্টি করার জন্য ছড়িয়ে পড়ে। এজন্য কেরানীগঞ্জের প্রতিটি বাড়িতে, বিল্ডিং-এ বিল্ডিং-এ অভিযান পরিচালনা করে এসব দোসরদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে হবে। 

এ ছাড়া কেরানীগঞ্জে যেসব দোসররা তাদের কর্মী বাহিনীকে অর্থ দিয়ে নাশকতা ঘটানোর অন্য সহযোগিতা করছে এবং অর্থ লগ্নীকারী আওয়ামী দোসরদের দ্রুত গ্রেফতারে কেরানীগঞ্জ মডেল থানা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জদেরকে নির্দেশনা দেন তিনি।    

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন-কেরানীগঞ্জের রাজস্ব সার্কেল সহকারী কমিশনার ভূমি আদনান জুলফিকার, কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. রুহুল কুদ্দুস, কেরানীগঞ্জ উপজেলা প্রকৌশলী মোহাম্মদ গোলাম সারোয়ার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রাশেদ খান, উপজেলা কৃষি কর্মকর্তা মহুয়া শারমিন মুনমুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আব্দুস ছাত্তার বেগ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ কারিজ, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ শিবলিজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন মোল্লা, উপজেলা খাদ্য কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মনির হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মহসিন মজুমদার, উপজেলা বিআরডিবি কর্মকর্তা তাইবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুনুন্নাহার, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার হালিমা আক্তার, উপজেলা সেটেলমেন্ট কর্মকর্তা জসিম উদ্দিন, কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামীম হাসান, মডেল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মনিরুল হক মনির, কলাতিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক মিয়া, রোহিতপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবুল হাসনাতসহ অন্যান্যরা।
 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত