• NEWS PORTAL

  • বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

যেকোনো মূল্যে আওয়ামী নৈরাজ্য প্রতিহতের ঘোষণা এমপি বাবুলের 

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১:৩৬, ১৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
যেকোনো মূল্যে আওয়ামী নৈরাজ্য প্রতিহতের ঘোষণা এমপি বাবুলের 

নিহত রাজুর পরিবারকে সান্তনা দেন শহিদুল ইসলাম বাবুল।

ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে স্থানীয় বিএনপি দলীয় একটি কার্যালয়ে ভাঙচুর এবং মহাসড়ক অবরোধ করে তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে। এ ঘটনায় একজন কৃষকদল নেতা নিহত হন।

এছাড়া কয়েকজন সংবাদকর্মী সংবাদ সংগ্রহ করতে গেলে তারা বাঁধার সম্মুখীন হন এবং একপর্যায়ে নিরাপত্তার স্বার্থে তারা অবস্থান ত্যাগ করেছেন। ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল রাতেই নিহত কৃষকদল নেতা রাজুর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান। তিনি সরকারের গোয়েন্দা সংস্থা সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো সচেষ্ট থাকার আহ্বান জানানোর পাশাপাশি বিএনপি নেতাকর্মীরা রাজপথে নেমে কঠোর হাতে নৈরাজ্য সৃষ্টিকারীদের দমন করা হবে বলে জানিয়েছেন।

এদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে আওয়ামী লীগের সমর্থকদের মহাসড়কে রামদা ও ছ্যান সহ দেশীয় অস্ত্র নিয়ে বিভিন্ন উত্তেজনাপূর্ণ স্লোগান দিতে দেখা গেছে।

এর আগে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে ভাঙ্গা-ফরিদপুর মহাসড়ক অবরোধের চেষ্টা করে।

এসময় স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ আওয়ামী লীগের লোকজনদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয় ও ১২/১৫ কে ধরে পুলিশে দেয়। পরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ করলে রাজু মোল্লা নামে কৃষকদলের একজন নিহত হন বলে অভিযোগ করা হয়েছে। এসময় সেখানে স্থানীয় নেতাকর্মীদের একটি অফিস ভাংচুর করা হয়। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।

নিহত রাজু মোল্লা ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আক্তার মোল্লার ছেলে।

এর আগে মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের নেতৃত্বে বিএনপি ও কৃষক দলের নেতাকর্মীরা মোটরসাইকেল সহকারে ভাঙ্গা গোলচত্বর থেকে একটি মিছিল বের করেন। সন্ধ্যার পর পুখুরিয়া বাসস্ট্যান্ডে পৌঁছে মিছিল শেষ হয়। 

ওই মিছিল শেষে ভাঙ্গার দিকে ফেরার পথে হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগ হামলা চালালে রাজু নিহত হন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।

এ ঘটনার খবর পেয়ে রাতেই হাসপাতালে ছুটে যান ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। এ সময় তিনি শান্তিপূর্ণ কর্মসূচি শেষ করে ফেরার পথে হামলা চালানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, রাজুকে একা পেয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা তার ওপর হামলা চালায়। তার শরীরে গুলির চিহ্ন রয়েছে। শিবচরসহ বিভিন্ন জায়গা থেকে দেশীয় অস্ত্রশস্ত্র সংগ্রহ করে তারা হামলা চালায়। হঠাৎ করে তারা সংঘবদ্ধ হয়ে এ হামলা চালায়।’

এসময় শহিদুল ইসলাম বাবুল এসব ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আগে থেকেই জানানো হয়েছিল এই সন্ত্রাসী তৎপরতার কথা। তিনি কঠোর হাতে এসব দমনের অঙ্গীকার ব্যক্ত করেছেন।

বিভি/এইচএ/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত