প্রধানমন্ত্রীকে সংলাপের পরামর্শ জামায়াত আমিরের
ছবি: প্রধানমন্ত্রী-জামায়াত আমির
ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য ধরে রাখা এবং ফ্যাসিবাদের মূলোৎপাটনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। একই সঙ্গে জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে ঐক্য সুদৃঢ় করতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিনে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে তার কার্যালয়ে চা পান করতে যান বিরোধীদলীয় নেতা। সেখানে দুই নেতার মধ্যে প্রায় ১৫ মিনিট একান্ত আলোচনা হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে তোলা এবং সর্বদলীয় মিছিল করার বিষয়ে কথা বলেন। জবাবে শফিকুর রহমান বলেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতেই অতীতে ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে উঠেছিল। আওয়ামী লীগের নাশকতা মোকাবিলা এবং দেশের প্রয়োজনে সেই ঐক্য পুনরায় সুদৃঢ় করা সম্ভব। তবে এর জন্য জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন জরুরি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জামায়াতের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন জানান, সরকার জুলাই সনদ থেকে সরে যাওয়ায় ফ্যাসিবাদী শক্তি আবার মাথাচাড়া দেওয়ার সাহস পাচ্ছে বলে বৈঠকে উল্লেখ করেছেন বিরোধীদলীয় নেতা। ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ভিত্তি হিসেবে জুলাই সনদ ও গণভোটের রায় মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এ বিষয়ে প্রধানমন্ত্রীর মনোভাব ইতিবাচক ছিল।
জামায়াত সূত্র জানায়, বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা এবং জুলাই সনদ বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়।
এর আগে সংসদে সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগকে সন্ত্রাসী গোষ্ঠী আখ্যা দিয়ে তাদের পুনরুত্থান ঠেকাতে গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিগুলোর ঐক্যের আহ্বান জানান।
বিভি/এমআর













মন্তব্য করুন: