নিষিদ্ধ আ. লীগের তাণ্ডবের প্রতিবাদে ইশরাক হোসেনের নেতৃত্বে মিছিল
ছবি: ইশরাক হোসেনের নেতৃত্বে মিছিল
দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে মিছিল করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। গোপালগঞ্জ-সহ সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের অগ্নিকাণ্ড-তাণ্ডবসহ যেকোনো ধরনের নৈরাজ্য, সন্ত্রাস ও সহিংসতার প্রতিবাদে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর বিভিন্ন স্থানে ইশরাক হোসেনের নেতৃত্বে প্রতিবাদী মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়।
গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ সংগঠনের পক্ষ থেকে যে অগ্নিসংযোগ ও সহিংস পরিস্থিতি তৈরির অপচেষ্টা চলছে, তা প্রতিহত করতেই সাধারণ জনগণকে সম্পৃক্ত করে এই কর্মসূচি পালন করা হয়েছে।
এ সময় তিনি আওয়ামী লীগের যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ দেন। একই সঙ্গে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জনগণকে সঙ্গে নিয়ে সার্বক্ষণিক সতর্ক অবস্থানে থাকার আহবান জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, সম্প্রতি গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অগ্নিসংযোগ, বিএনপি নেতাদের বাড়িঘর ভাঙচুর এবং গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়াসহ ব্যাপক তাণ্ডব চালায়। ওই ঘটনার পর জেলার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার করা হয়েছে।
এমন পরিস্থিতিতে জনসাধারণের জানমালের সুরক্ষা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও নাশকতা রোধে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তাদের এই সার্বক্ষণিক সতর্ক অবস্থান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
বিভি/বিএস/
বিভি/এমআর













মন্তব্য করুন: