সীমান্তে নিষিদ্ধ আ.লীগ নেতাদের বৈঠক, ভারত সরকারের কড়া সমালোচনা রিজভীর
ছবি: সংগৃহীত
ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের (বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ) চার নেতার সঙ্গে দেশটির ইমিগ্রেশন কর্মকর্তাদের বৈঠক নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ভারত সরকারের সম্মতি ছাড়া সরকারি কর্মকর্তারা কীভাবে পলাতক নেতাদের সঙ্গে বৈঠক করলেন? এ ঘটনা গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী। ‘পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরদের দেশব্যাপী পরিকল্পিত নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে’ অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) এ সমাবেশের আয়োজন করে।
রিজভী বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে কূটনৈতিক শিষ্টাচারের কথা বলা হয়। অথচ ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের চার নেতা বাংলাদেশের সীমান্তবর্তী পেট্রাপোলে দেশটির ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। ভারত সরকারের সবুজসংকেত ছাড়া এমন বৈঠক কীভাবে সম্ভব, সেই প্রশ্ন তোলেন তিনি।
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালানোর পরও শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করছেন বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। তাঁর দাবি, পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েও শেখ হাসিনা দেশে অগ্নিসন্ত্রাস ও নাশকতা চালানোর তৎপরতা অব্যাহত রেখেছেন। বিদেশে পাচার করা অর্থ থেকে বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
রিজভী বলেন, মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে শেখ হাসিনা দেশ ছেড়েছেন। তবে দেশ ছাড়ার পরও তাঁর আচরণে পরিবর্তন আসেনি। গত ১৭ বছর ক্ষমতায় থাকাকালে যে নীতি অনুসরণ করেছেন, এখনো তা অব্যাহত রেখেছেন।
দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনা তুলে ধরে তিনি অভিযোগ করেন, বিএনপির নেতা-কর্মীদের বাড়িঘর, গাড়ি, পোশাক কারখানা ও পুলিশের স্থাপনায় আগুন দেওয়া হচ্ছে।
বর্তমান সরকারের ভূমিকা প্রসঙ্গে রিজভী বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার ধৈর্যের সঙ্গে গণতান্ত্রিক ও আইনি প্রক্রিয়ায় এসব পরিস্থিতি মোকাবিলা করছে। অতীতের আওয়ামী লীগ সরকারের মতো নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যা করা হচ্ছে না। এটিই তারেক রহমানের সঙ্গে শেখ হাসিনার পার্থক্য।
তিনি আরও বলেন, শিশু, কিশোর ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হত্যাকারীদের বাংলাদেশের মাটিতে ঠাঁই হবে না। দেশের সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে সব ষড়যন্ত্র প্রতিহত করবে।
এ্যাবের সদস্যসচিব প্রকৌশলী শোয়েব বাশরী হাবলুর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন প্রকৌশলী খান মুর্শিদ, প্রকৌশলী হারুন অর রশিদ, প্রকৌশলী মিয়া মো. কাইয়ুম ও প্রকৌশলী এনায়েত হোসেন।
বিভি/এজেড













মন্তব্য করুন: