সব পর্যায়ের পদ থেকে বিএনপির এক নেতাকে বহিষ্কার
পাবনার বেড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দীন খাজাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে জেলা বিএনপি।
রবিবার (২২ নভেম্বর) রাতে জেলা বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে নেতা-কর্মীদের তার সঙ্গে যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে খাজার অনুসারীদের দাবি, গত ১৮ থেকে ২১ নভেম্বর বেড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। হঠাৎ বহিষ্কারের সিদ্ধান্তে তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
নিজের বহিষ্কারের বিষয়ে মঈন উদ্দীন খাজা বলেন, আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে মাঠে থাকার পাশাপাশি স্থানীয় সংসদ সদস্যের ভূমিকা নিয়ে প্রতিবাদ করায় তাকে বহিষ্কার করা হয়েছে। তবে তিনি আজীবন বিএনপির রাজনীতি করে যাবেন।
জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত কয়েক দিন ধরে বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কয়েকজন আহত হয়েছেন এবং আওয়ামী লীগের পাঁচ সমর্থককে আটক করেছে পুলিশ।
বিভি/টিটি













মন্তব্য করুন: