• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

হান্নান মাসউদসহ দুজনের বিরুদ্ধে অভিযোগ তুলে এনসিপির কেন্দ্রীয় নেতার পদত্যাগ

প্রকাশিত: ১৩:০৪, ২৪ নভেম্বর ২০২৬

আপডেট: ১৩:০৫, ২৪ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
হান্নান মাসউদসহ দুজনের বিরুদ্ধে অভিযোগ তুলে এনসিপির কেন্দ্রীয় নেতার পদত্যাগ

হান্নান মাসউদ (বায়ে) নিজাম উদ্দিন (মাঝে) ও সুলতান মোহাম্মদ জাকারিয়া

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া। দলীয় দায়িত্ব পালনের পাশাপাশি দলের সঙ্গে সব ধরনের সম্পৃক্ততা থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। পদত্যাগের বিবৃতিতে দলের দুই নেতা হান্নান মাসউদ ও নিজাম উদ্দিনের অনুসারীদের বিরুদ্ধে তাকে হেনস্তা করার অভিযোগ তুলেছেন জাকারিয়া।

মঙ্গলবার (২৪ নভেম্বর) এক বিবৃতিতে পদত্যাগের সিদ্ধান্ত জানান তিনি। বিবৃতিতে জাকারিয়া বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক পদসহ দলের সব দায়িত্ব ও সংশ্লিষ্টতা থেকে সরে দাঁড়াচ্ছেন।

জুলাই-পরবর্তী নতুন রাজনৈতিক বাস্তবতায় তরুণদের গণতান্ত্রিক রাজনীতিতে সংগঠিত করতে সহায়তার লক্ষ্য নিয়ে এনসিপিতে যোগ দিয়েছিলেন বলে জানান জাকারিয়া। দলটির প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহ্বায়ক, আন্তর্জাতিক সম্পাদক, নির্বাহী পরিষদের সদস্য এবং বিভিন্ন সেল ও উইংয়ের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এ ছাড়া নোয়াখালী-২ আসনে দলের প্রার্থী হিসেবেও কাজ করেছেন।

এনসিপির ২৪ দফার রাজনৈতিক ম্যানিফেস্টোসহ বিভিন্ন সাংগঠনিক দলিল তৈরিতে ভূমিকা রাখার চেষ্টা করেছেন উল্লেখ করে তিনি বলেন, শুরু থেকেই দলের অভ্যন্তরীণ গণতন্ত্র, সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে দলীয় ফোরাম ও নেতৃত্বকে পরামর্শ দিয়ে এসেছেন। তবে দলের প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার প্রচেষ্টা প্রত্যাশা অনুযায়ী সফল হয়নি।

পদত্যাগের অন্যতম কারণ হিসেবে নোয়াখালীতে দলীয় কর্মসূচিতে হেনস্তার অভিযোগ তুলে জাকারিয়া বলেন, চলতি বছরের জুলাইয়ে সেখানে এনসিপির একটি কর্মসূচি চলাকালে দলের কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব নিজাম উদ্দিন ও যুগ্ম আহ্বায়ক হান্নান মাসউদের অনুসারীরা তাকে বিনা উসকানিতে অশ্রাব্য ভাষায় গালাগাল ও অপদস্থ করেন।

তার অভিযোগ, নোয়াখালীর রাজনীতিতে প্রচলিত গ্রুপিং, মাস্তানি, টেন্ডারবাজি ও দুর্বৃত্তপনার রাজনীতির সঙ্গে যুক্ত না হওয়ায় তাকে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে হেনস্তা করা হয়েছে। বিষয়টি একাধিকবার দলের শীর্ষ নেতৃত্বকে জানানোর পাশাপাশি প্রতিকার চেয়ে শৃঙ্খলা কমিটির কাছে আনুষ্ঠানিক অভিযোগও জমা দিয়েছিলেন তিনি।

জাকারিয়ার দাবি, প্রায় পাঁচ মাস অপেক্ষা ও বারবার তাগাদা দেওয়ার পরও তার অভিযোগের কোনো প্রতিকার হয়নি। বরং অভিযোগের নিষ্পত্তি হওয়ার আগেই অভিযুক্তদের কয়েকজনকে দলের আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

বিবৃতিতে তিনি বলেন, তার সামনে দুটি পথ খোলা ছিল—হান্নান মাসউদ ও নিজাম উদ্দিনের অনুসারীদের সঙ্গে পাল্লা দিয়ে প্রচলিত অসৎ রাজনীতিতে জড়িয়ে পড়া, অথবা সম্মানের সঙ্গে দল ছেড়ে চলে যাওয়া। তিনি দ্বিতীয় পথটি বেছে নিয়েছেন।

পদত্যাগ করলেও এনসিপির প্রতি শুভকামনা জানিয়েছেন জাকারিয়া। দলটিকে নিজের জাতীয় রাজনীতির প্রথম দল ও প্রথম প্রেমের মতো উল্লেখ করে তিনি বলেন, এই ইতিহাস কখনো অস্বীকার করবেন না। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন ও মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর প্রতিও শ্রদ্ধা ও শুভকামনা জানান তিনি।

নিজের রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে জাকারিয়া জানান, এখনো পরবর্তী কোনো রাজনৈতিক গন্তব্য ঠিক করেননি। তবে বাংলাদেশের স্বার্থে ভবিষ্যতেও দলীয় পরিচয়ের বাইরে থেকে কাজ করে যেতে চান।

বিভি/এজেড

মন্তব্য করুন: