হাসিনাকে চোরাগোপ্তা পথে নয়, আইনি প্রক্রিয়ায় দেশে ফিরতে হবে: সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চোরাগোপ্তা পথে নয়, আইনি প্রক্রিয়া অনুসরণ করেই দেশে ফিরতে হবে। দেশে আসতে চাইলে তার প্রথম কাজ হবে আইনের কাছে আত্মসমর্পণ করা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর পুরানা পল্টন মোড়ে সারাদেশে সন্ত্রাস, নাশকতা ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।
সাইফুল হক বলেন, প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত সরকার শেখ হাসিনাকে ফেরত পাঠাতে পারে। দিল্লিতে বাংলাদেশ দূতাবাসে আত্মসমর্পণ করে আইনের মুখোমুখি হবার পথ শেখ হাসিনার জন্য খোলা রয়েছে। আইসিটি মামলায় আত্মপক্ষ সমর্থন ও আত্মসমর্পণের সুযোগ থাকার সময়ও তা গ্রহণ করেননি তিনি। এখন দেশে ফিরতে হলে আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আত্মসমর্পণের পথেই আসতে হবে।
তিনি আরও বলেন, সন্ত্রাস করে তিনি যেভাবে ফেরার চেষ্টা করছেন, এভাবে অতীতে কেউ ফিরতে পারেনি পারবে না। রাজনীতিতে ফিরতে চাইলে আওয়ামী লীগকে ক্ষমা প্রার্থনা ও দায় স্বীকার করে ও মুখোমুখি মুখোমুখি হতে হবে।
সাইফুল হক বলেন, গত ১৭ বছর এদেশের মানুষ ভোটাধিকার, গণতন্ত্র ও নির্বাচিত সরকারের জন্য আন্দোলন করেছে। এখন কোন পক্ষ নতুন করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাইলে জনগণ ও রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার প্রশ্নে ঐক্য গড়ে তুলতে হবে।
বিভি/টিটি













মন্তব্য করুন: