বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত ১, আহত ২০
মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির বিবদমান দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গোলাগুলি ও ককটেল বিস্ফোরণে মো. সেলিম নামে এক মিশুকচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। নিহত সেলিম চরডুমুরিয়া গ্রামের বাসিন্দা। পরিবারের দাবি, জীবিকার তাগিদে মিশুক নিয়ে বের হলে দুই গ্রুপের সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতা আওলাদ মোল্লা ও রহিম মোল্লা গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় বুধবার গভীর রাত থেকে ভোর পর্যন্ত দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় শত শত ককটেল বিস্ফোরণ ও গুলিবিনিময়ের ঘটনায় ইউনিয়নের প্রতিটি গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুজন নদীতে পড়ে গেছেন বলে জানা গেছে। তাদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির প্রভাবশালী রহিম আলী মোল্লা ও আওলাদ হোসেন মোল্লার কর্মী-সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ জানিয়েছে, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বিভি/মুন্সীগঞ্জ/পিএইচ













মন্তব্য করুন: