• NEWS PORTAL

  • সোমবার, ০২ নভেম্বর ২০২৬

ঢাকায় আসছেন বিশ্বখ্যাত আলেম মুফতি মুহাম্মদ তাকী উসমানি

প্রকাশিত: ১৫:২৮, ২ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ঢাকায় আসছেন বিশ্বখ্যাত আলেম মুফতি মুহাম্মদ তাকী উসমানি

ছবি: সংগৃহীত

মুসলিম বিশ্বের প্রখ্যাত ফকিহ, ইসলামী চিন্তাবিদ ও পাকিস্তানের সাবেক বিচারপতি মুফতি মুহাম্মদ তাকী উসমানি এক সপ্তাহের সফরে বাংলাদেশে আসছেন। আগামী ২২ নভেম্বর তিনি ঢাকায় পৌঁছাবেন। বিভিন্ন ধর্মীয় সম্মেলন, সেমিনার ও কর্মসূচিতে অংশ নিয়ে ২৮ নভেম্বর পাকিস্তানে ফিরে যাবেন তিনি।

রবিবার (১ নভেম্বর) রাজধানীর শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক ও বিশিষ্ট মুহাদ্দিস মুফতি মিজানুর রহমান সাঈদ তার এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।

সফরসূচি অনুযায়ী, ২২ নভেম্বর বাদ জোহর রাজধানীর কাওলা নামাপাড়ায় শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার আয়োজিত ‘১৫তম সালানা দস্তারবন্দী মহাসম্মেলনে’ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন মুফতি তাকী উসমানি। এ ছাড়া ঢাকা সফরকালে দেশের আলেমদের বিভিন্ন প্রতিনিধিত্বশীল সম্মেলন ও সেমিনারেও অংশ নেওয়ার কথা রয়েছে তার।

এ সফরে তার সঙ্গে থাকবেন পাকিস্তানের বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব এবং ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান খাইরুল মাদারিস মুলতানের মুহতামিম মাওলানা হানিফ জালন্ধরী।

উল্লেখ্য, মুফতি মুহাম্মদ তাকী উসমানি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইসলামী অর্থনীতিবিদ ও ফকিহ। বর্তমানে তিনি পাকিস্তানের বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সভাপতি এবং দারুল উলুম করাচির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি পাকিস্তানের সুপ্রিম কোর্টের শরিয়াহ আপিল বেঞ্চের বিচারপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তার এই সফরকে ঘিরে দেশের আলেম-উলামা ও ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত