• NEWS PORTAL

  • রবিবার, ০১ নভেম্বর ২০২৬

রাজধানীতে ৭০ জন হাফেজের সেলিব্রেশন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

প্রকাশিত: ১৭:০১, ১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
রাজধানীতে ৭০ জন হাফেজের সেলিব্রেশন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

রাজধানীতে সাধারণ শিক্ষার পাশাপাশি পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করা ৭০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর ডেমরার মধুবাগ-পাড়াডগা এলাকায় মাদরাসা সংলগ্ন বালুর মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল ৮টা থেকে দিনব্যাপী শিক্ষা প্রদর্শনীর মধ্য দিয়ে শুরু হয় আয়োজন। পরে রাতে অনুষ্ঠিত হয় মূল সংবর্ধনা পর্ব। এ সময় ৭০ জন হাফেজকে পাগড়ি পরিয়ে সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর পুলিশের ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামি। প্রধান মেহমান ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলহাজ নবী উল্লাহ নবী। বিশেষ অতিথি ছিলেন শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান ফেরদৌস হোসেন রনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসা আবু হুরায়রা (রহ.)-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি মাওলানা মোহাম্মদ মুসা খান। এ সময় ৭০ জন হাফেজকে পাগড়ি পরিয়ে সম্মাননা জানান ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহ বাকী আননদভী।

প্রধান অতিথির বক্তব্যে মল্লিক আহসান উদ্দিন সামি বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষায় শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলার উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা, নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে উঠতে অনুপ্রাণিত করবে।

সভাপতির বক্তব্যে মুফতি মাওলানা মোহাম্মদ মুসা খান বলেন, শিক্ষার্থীদের কোরআনের হাফেজ হওয়ার পাশাপাশি সাধারণ শিক্ষায় দক্ষ করে গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। ৭০ জন শিক্ষার্থীর এই অর্জন প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিতে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদেরও সম্মাননা দেওয়া হয়। দিনব্যাপী শিক্ষা প্রদর্শনীতে শিক্ষার্থীরা নিজেদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতা তুলে ধরে। এতে পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ-নাত, ইংরেজি বক্তব্য, শিক্ষামূলক ও বিষয়ভিত্তিক নাটিকা, গজলসহ নানা পরিবেশনা অনুষ্ঠিত হয়।

মাদরাসা আবু হুরায়রা (রহ.)-এর বর্তমানে ১১টি শাখায় প্রায় ২ হাজার ৫০০ শিক্ষার্থী অধ্যয়ন করছে। প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা, নৈতিকতা ও সৃজনশীলতার বিকাশে কাজ করছে প্রতিষ্ঠানটি।

বিভি/এনএইচ/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত