কিয়ামতের কঠিন দিনে কোন আমল বাঁচাবে আপনাকে?
ছবি: সংগৃহীত
একদিন থেমে যাবে পৃথিবীর সব ব্যস্ততা। নিভে যাবে জীবনের সব আয়োজন। শেষ হবে মানুষের দুনিয়ার পথচলা। সেদিন ছোট-বড়, ধনী-গরিব, রাজা-প্রজা, সবাইকে দাঁড়াতে হবে মহান আল্লাহর দরবারে। কারও সম্পদ, ক্ষমতা কিংবা সামাজিক পরিচয় কাজে আসবে না। সঙ্গে থাকবে না প্রিয়জন কিংবা দুনিয়ায় অর্জন করা কোনো পদমর্যাদা। সামনে থাকবে শুধু নিজের আমল। ভয়াবহ সেই দিনে প্রত্যেক মানুষ খুঁজবে মুক্তির পথ। কিন্তু কোন আমলগুলো হতে পারে নাজাতের উসিলা?
পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘যাদের পাল্লা ভারী হবে, তারাই সফলকাম। আর যাদের পাল্লা হালকা হবে, তারাই নিজেদের ক্ষতিগ্রস্ত করেছে।’ (সুরা আল-মুমিনুন, আয়াত ১০২-১০৩) অর্থাৎ, কিয়ামতের দিন মানুষের সফলতা নির্ধারিত হবে তার আমলের ভিত্তিতে। তাই দুনিয়ার জীবনে প্রতিটি ভালো কাজের প্রতি যত্নবান হওয়া জরুরি।
কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, কিয়ামতের দিন বান্দার আমলের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। নামাজের হিসাব ঠিক থাকলে সে সফল হবে। আর নামাজের হিসাব নষ্ট হলে সে ক্ষতিগ্রস্ত হবে। (সুনানে আবু দাউদ, ৮৬৪; জামে তিরমিজি, ৪১৩)
তাই নিয়মিত নামাজ আদায় করা, সময়মতো নামাজ পড়া এবং একাগ্রতার সঙ্গে আল্লাহর ইবাদত করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। কারণ নামাজ শুধু একটি ইবাদত নয়, এটি মুমিনের জীবনের অন্যতম প্রধান আমল।
শুধু নামাজ নয়, মানুষের সঙ্গে ভালো আচরণ, হালাল উপার্জন, দান-সদকা এবং অন্যের অধিকার রক্ষা করাও মুমিনের গুরুত্বপূর্ণ দায়িত্ব। বিশেষ করে মানুষের হক নষ্ট করার পরিণতি হতে পারে ভয়াবহ।
এ বিষয়ে রাসুলুল্লাহ (সা.) প্রকৃত নিঃস্ব ব্যক্তির কথা বলেছেন। তিনি জানান, তাঁর উম্মতের প্রকৃত নিঃস্ব ব্যক্তি সে, যে কিয়ামতের দিন নামাজ, রোজা ও জাকাত নিয়ে হাজির হবে। কিন্তু দুনিয়ায় কাউকে গালি দিয়েছে, কারও বিরুদ্ধে অপবাদ দিয়েছে, কারও সম্পদ আত্মসাৎ করেছে কিংবা কারও ওপর জুলুম করেছে। ফলে তার নেকি ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দিয়ে দেওয়া হবে। নেকি শেষ হয়ে গেলে তাদের গুনাহ তার ওপর চাপিয়ে দেওয়া হবে। এরপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। (সহিহ মুসলিম, ২৫৮১)
দুনিয়ার জীবন খুবই ক্ষণস্থায়ী। অথচ এই জীবনেই তৈরি হচ্ছে পরকালের পাথেয়। আজ যে সময় আমাদের হাতে রয়েছে, একদিন তা আর থাকবে না। তাই সময় থাকতে নামাজের যত্ন নেওয়া, মানুষের হক আদায় করা, হালাল পথে চলা, দান-সদকা করা এবং সৎকর্মে জীবন সাজানো জরুরি। শুধু আমলের ওপর ভরসা নয়, মুক্তির জন্য প্রয়োজন মহান আল্লাহর রহমত। তাই প্রতিটি মুহূর্তে তাঁর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করতে হবে। কারণ দুনিয়ার এই জীবনই পরকালের প্রস্তুতি নেওয়ার সুযোগ।
বিভি/এনএইচ













মন্তব্য করুন: