• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

সন্তান না হলে স্ত্রীকে তালাক দেওয়া যাবে? ইসলাম কী বলে!

প্রকাশিত: ১৩:১৮, ১২ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
সন্তান না হলে স্ত্রীকে তালাক দেওয়া যাবে? ইসলাম কী বলে!

ছবি: সংগৃহীত

বিয়ের কয়েক বছর পার হলেও অনেক দম্পতির ঘরে সন্তান আসে না। এ নিয়ে একপর্যায়ে স্বামী-স্ত্রীর মধ্যে তৈরি হয় মানসিক চাপ ও পারিবারিক টানাপোড়েন। কারও কারও মনে প্রশ্ন জাগে, সন্তান না হওয়ার কারণে স্ত্রীকে তালাক দেওয়া যাবে কি না? সন্তান লাভের আশায় দ্বিতীয় বিয়ে করার সুযোগই বা কতটুকু? এ বিষয়ে ইসলামী শরিয়তের নির্দেশনা কী?

ইসলামী শরিয়তে সন্তান হওয়া বা না হওয়া সম্পূর্ণ আল্লাহ তাআলার ইচ্ছাধীন বিষয়। পবিত্র কোরআনের সুরা আশ-শুরার ৪৯ ও ৫০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তিনি যাকে ইচ্ছা কন্যাসন্তান, যাকে ইচ্ছা পুত্রসন্তান দান করেন। কাউকে পুত্র ও কন্যা উভয়ই দেন, আবার যাকে ইচ্ছা নিঃসন্তান রাখেন। নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান।

অর্থাৎ সন্তান না হওয়াকে স্ত্রীর অপরাধ বা অযোগ্যতা হিসেবে দেখার সুযোগ নেই। শারীরিকভাবে সক্ষম হওয়ার পরও কোনো দম্পতির সন্তান না হলে এর জন্য কাউকে দোষারোপ করা উচিত নয়।

শুধু সন্তান না হওয়ার কারণে তালাক দেওয়া যাবে?

আলেমগনের মতে, স্ত্রীর বাহ্যিক ও চারিত্রিক কোনো সমস্যা না থাকা সত্ত্বেও শুধু সন্তান হচ্ছে না, এ অজুহাতে তাকে তালাক দেওয়া উচিত নয়। দাম্পত্য জীবনে অকারণে বিচ্ছেদ ঘটানো এবং স্ত্রীকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা প্রয়োজন।

ইসলামে তালাক বৈধ হলেও প্রয়োজন ছাড়া তালাক দেওয়া নিরুৎসাহিত। বিশেষ কোনো শরয়ি প্রয়োজন ছাড়া শুধু সন্তান না হওয়ার কারণে স্ত্রীকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।

সন্তান লাভের আশায় দ্বিতীয় বিয়ে করা যাবে?
ইসলামী শরিয়তে একজন পুরুষের জন্য নির্দিষ্ট শর্তে সর্বোচ্চ চারজন স্ত্রী রাখার অনুমতি রয়েছে। তবে একাধিক স্ত্রী থাকলে তাদের মধ্যে ন্যায়বিচার ও অধিকার রক্ষা করা বাধ্যতামূলক।

আলেমগনের পরামর্শ, কেবল সন্তান লাভের আশায় দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। কারণ দ্বিতীয় বিয়ের পর সন্তান হবে, এমন কোনো নিশ্চয়তা নেই। দ্বিতীয় স্ত্রীও সন্তান ধারণে অক্ষম হতে পারেন।
তবে শরয়ি প্রয়োজন থাকলে এবং একাধিক স্ত্রীর মধ্যে ইনসাফ করতে সক্ষম হলে দ্বিতীয় বিয়ে করা যেতে পারে। এ ক্ষেত্রে কারও অধিকার নষ্ট করা যাবে না।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যার দুই স্ত্রী রয়েছে, আর সে একজনের প্রতি ঝুঁকে পড়ে, কিয়ামতের দিন সে তার এক পাশ হেলানো অবস্থায় উপস্থিত হবে।’ (সুনানে আবু দাউদ)

সন্তান লাভে যে দুটি দোয়া পড়বেন
সন্তান লাভের আশায় পবিত্র কোরআনে বর্ণিত দুটি দোয়া নিয়মিত পড়তে পারেন।
১. হজরত জাকারিয়া (আ.)-এর দোয়া:

رَبِّ لَا تَذَرْنِي فَرْدًا وَأَنْتَ خَيْرُ الْوَارِثِينَ
(বাংলা উচ্চারণ:  রব্বি লা তাযারনি ফারদাওঁ, ওয়া আনতা খাইরুল ওয়ারিছীন।)
অর্থ: হে আমার রব! আমাকে একা রেখে দিও না। আর তুমিই শ্রেষ্ঠ উত্তরাধিকারী। (সুরা আল-আম্বিয়া, আয়াত: ৮৯)
২. 
رَبِّ هَبْ لِي مِنْ لَدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ
(বাংলা উচ্চারণ: রব্বি হাবলি মিল্লাদুনকা যুররিয়্যাতান ত্বইয়্যিবাহ, ইন্নাকা সামিউদ দু‘আ।)
অর্থ: হে আমার প্রতিপালক! আমাকে তোমার পক্ষ থেকে পবিত্র সন্তান দান করুন। নিশ্চয়ই আপনি দোয়া শ্রবণকারী। (সুরা আলে ইমরান, আয়াত: ৩৮)

এ ছাড়া বেশি বেশি দোয়া, ইস্তিগফার, ধৈর্য ধারণ এবং সামর্থ্য অনুযায়ী সদকা করার পরামর্শ দিয়েছেন আলেমরা।
চিকিৎসকের পরামর্শ নেওয়াও জরুরি

সন্তান না হওয়ার পেছনে নারী বা পুরুষ উভয়েরই শারীরিক কিংবা হরমোনজনিত কারণ থাকতে পারে। তাই শুধু স্ত্রীকে দায়ী না করে স্বামী-স্ত্রী দুজনেরই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

সন্তান না হওয়া কোনো দম্পতির জন্যই অপরাধ নয়। এ কারণে দাম্পত্য সম্পর্কে তিক্ততা তৈরি না করে একে অপরের পাশে থাকা, চিকিৎসা নেওয়া এবং আল্লাহর কাছে দোয়া করাই উত্তম। সন্তান দান করার মালিক একমাত্র আল্লাহ তাআলা।

বিভি/এনএইচ

মন্তব্য করুন: