• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মেসেঞ্জারে সালাম দিলে উত্তর দেওয়ার বিধান কী?

প্রকাশিত: ১৯:২৮, ১০ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
মেসেঞ্জারে সালাম দিলে উত্তর দেওয়ার বিধান কী?

প্রতীকী ছবি

বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমের অন্যতম জনপ্রিয় মাধ্যম মেসেঞ্জার। পরিচিত-অপরিচিত প্রায় কথোপকথনের শুরুতে সালাম দিয়ে থাকেন। কেউ লিখিত বার্তায় সালাম দেন, আবার কেউ ভয়েস মেসেজ বা অডিও কলের মাধ্যমেও সালাম জানান। তবে মেসেঞ্জারে কেউ সালাম দিলে তার উত্তর দেওয়া কি ওয়াজিব? উত্তর না দিলে কি গুনাহ হবে? এ বিষয়ে ইসলামের নির্দেশনাই বা কী?

ইসলামে সালাম দেওয়া সুন্নত এবং সালামের উত্তর দেওয়া ওয়াজিব। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন,
‘আর যখন তোমাদের সালাম দেওয়া হয়, তখন তোমরা তার চেয়ে উত্তম সালাম দেবে অথবা অনুরূপ জবাব দেবে। নিশ্চয়ই আল্লাহ সবকিছুর হিসাব গ্রহণকারী।’ (সুরা আন-নিসা, আয়াত ৮৬)।

এই আয়াত থেকে বোঝা যায়, কেউ সালাম দিলে তার জবাব দেওয়া মুসলমানের দায়িত্ব।

মেসেঞ্জারে সালাম দিলে উত্তর দিতে হবে?
মেসেঞ্জারে লিখিতভাবে কেউ সালাম পাঠালে সেটিও সালাম হিসেবে বিবেচিত হয়। তাই এমন সালামের উত্তর দেওয়ার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখতে হবে। কেউ ব্যক্তিগতভাবে ‘আসসালামু আলাইকুম’ লিখে বার্তা পাঠালে তার উত্তরে ‘ওয়া আলাইকুমুস সালাম’ লেখা উচিত। 
একইভাবে হোয়াটসঅ্যাপ, ইমো কিংবা অন্য সামাজিক যোগাযোগমাধ্যমে লিখিত সালাম পাঠালেও তার উত্তর দেওয়ার বিধান প্রযোজ্য।

মেসেঞ্জার গ্রুপে সালাম দিলে কারা উত্তর দেবেন?
কোনো গ্রুপে একজন সালাম দিলে সেখানে উপস্থিত সদস্যদের মধ্য থেকে কেউ উত্তর দিলে সবার পক্ষ থেকে জবাব আদায় হয়ে যায়। কারণ, সাধারণ সালামের উত্তর দেওয়া সামষ্টিক দায়িত্ব বা ফরজে কিফায়া হিসেবে বিবেচিত। তবে প্রত্যেকে উত্তর দিলে সেটি আরও ভালো। অন্যদিকে, কাউকে ব্যক্তিগতভাবে সালাম দেওয়া হলে তার নিজেরই উত্তর দেওয়া কর্তব্য।

কেউ ব্যস্ততা বা অন্য কোনো কারণে সঙ্গে সঙ্গে মেসেঞ্জারের বার্তা দেখতে না পেলে পরে সালামের উত্তর দিতে পারেন। তবে সালাম দেখার পর অকারণে উত্তর না দিয়ে উপেক্ষা করা উচিত নয়।

ইসলামে সালামের উত্তরে সমপরিমাণ অথবা তার চেয়ে উত্তম বাক্য বলার নির্দেশ দেওয়া হয়েছে। যেমন:
সালাম: আসসালামু আলাইকুম।
উত্তর: ওয়া আলাইকুমুস সালাম।
উত্তম উত্তর: ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ।
পূর্ণাঙ্গ উত্তর: ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

সালাম মুসলমানদের মধ্যে ভালোবাসা, সৌহার্দ্য ও শান্তির বার্তা ছড়িয়ে দেয়। তাই সামনাসামনি হোক কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে, কেউ সালাম দিলে যথাযথভাবে তার উত্তর দেওয়া উচিত। প্রযুক্তির ব্যবহারেও ইসলামের সুন্দর আদব ও বিধান অনুসরণ করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব।

বিভি/এমআর

মন্তব্য করুন: