• NEWS PORTAL

  • সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

আগামী ২৭ নভেম্বর বায়তুল মোকাররমে জুমার খুতবা দেবেন তাকি উসমানি

প্রকাশিত: ০৯:২১, ১৬ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
আগামী ২৭ নভেম্বর বায়তুল মোকাররমে জুমার খুতবা দেবেন তাকি উসমানি

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সফরে এসে আগামী ২৭ নভেম্বর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার খুতবা দেবেন পাকিস্তানের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও আলেম মুফতি মুহাম্মদ তাকি উসমানি। এদিন জুমার নামাজের আগে মুসল্লিদের উদ্দেশে বিশেষ বয়ানও করবেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) মুফতি তাকি উসমানির বাংলাদেশ সফরের হালনাগাদ কর্মসূচি প্রকাশ করা হয়েছে। সফরের প্রধান সমন্বয়ক ও রাজধানীর শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদের স্বাক্ষরিত সূচিতে এ তথ্য জানানো হয়।

কর্মসূচি অনুযায়ী, আগামী ২২ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন মুফতি তাকি উসমানি। এ সময় ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সম্মেলন ও ইসলামি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

সফরের প্রথম দিন ২২ নভেম্বর রাজধানীর কাওলা নামাপাড়ায় শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার আয়োজিত ১৫ সালা দস্তারবন্দি ও আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলনে যোগ দেবেন তিনি। পরদিন ২৩ নভেম্বর জামিয়া আরাবিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি সম্মেলনে অংশ নেবেন।

এ ছাড়া ২৪ নভেম্বর চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা সফর করবেন। ২৫ নভেম্বর সিলেটের আলিয়া মাঠে উলামা সম্মেলন এবং ২৬ নভেম্বর বেফাক ও হাইআ আয়োজিত উলামা সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি অনুষ্ঠিত হবে ২৭ নভেম্বর। এদিন দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার খুতবা ও বিশেষ বয়ান দেবেন তিনি। পরে বাদ আসর কেরানীগঞ্জের জামিয়া হাকিমুল উম্মতে আয়োজিত ইসলাহী সম্মেলনে যোগ দেবেন।

সফরের শেষ দিন ২৮ নভেম্বর বাদ মাগরিব জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ীতে দরসে বুখারি প্রদান করবেন মুফতি তাকি উসমানি।

মুফতি মুহাম্মদ তাকি উসমানি পাকিস্তানের দারুল উলুম করাচির মহাপরিচালক এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের সভাপতি। ইসলামি ফিকহ, হাদিস ও ইসলামি অর্থনীতি বিষয়ে আন্তর্জাতিকভাবে সুপরিচিত এই আলেম পাকিস্তানের সুপ্রিম কোর্টের শরিয়াহ আপিল বেঞ্চের সাবেক বিচারপতিও।

বিভি/এনএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত