• NEWS PORTAL

  • সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

হেরা গুহায় যেভাবে নাজিল হয়েছিল প্রথম ওহি, শুরু হয়েছিল কোরআনের ইতিহাস

প্রকাশিত: ১০:১১, ১৬ নভেম্বর ২০২৬

আপডেট: ১০:১১, ১৬ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
হেরা গুহায় যেভাবে নাজিল হয়েছিল প্রথম ওহি, শুরু হয়েছিল কোরআনের ইতিহাস

ছবি: সংগৃহীত

মক্কার নির্জন পাহাড়। চারদিকে পাথুরে পরিবেশ। পাহাড়ের চূড়ার কাছেই ছোট্ট একটি গুহা। সেখানেই একদিন ঘটে মানবজাতির ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। ফেরেশতা জিবরাইল (আ.) এসে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে বললেন, ‘পড়ো’। এই একটি নির্দেশের মধ্য দিয়েই শুরু হয় পবিত্র কোরআন নাজিল। হেরা গুহায় নাজিল হওয়া সেই প্রথম ওহি বদলে দেয় পৃথিবীর ইতিহাস।

নবুয়্যতের আগে নির্জনে সময় কাটাতেন নবীজি
মহানবী হজরত মুহাম্মদ (সা.) নবুয়্যত লাভের আগে থেকেই মক্কার মানুষের অন্যায়, অনাচার, মূর্তিপূজা ও সামাজিক অবক্ষয় দেখে চিন্তিত হতেন। এ কারণে তিনি প্রায়ই নির্জনে সময় কাটাতেন।

মক্কার অদূরে জাবালে নূর পাহাড়ের হেরা গুহা ছিলো তাঁর নির্জন ইবাদতের স্থান। বিশেষ করে রমজান মাসে তিনি সেখানে অবস্থান করতেন। সঙ্গে নিয়ে যেতেন প্রয়োজনীয় খাবার ও পানীয়। অবস্থান শেষে বাড়িতে ফিরে স্ত্রী হজরত খাদিজা (রা.)-এর কাছ থেকে আবার প্রয়োজনীয় সামগ্রী নিয়ে যেতেন।

সহিহ বুখারির বর্ণনা অনুযায়ী, নবুয়ত লাভের আগে মহানবী (সা.)-এর কাছে সত্য স্বপ্নের মাধ্যমে ওহির প্রাথমিক সূচনা হয়েছিল। এরপর তাঁর কাছে নির্জনতা প্রিয় হয়ে ওঠে।

‘পড়ো’ নির্দেশ দিয়ে প্রথম ওহির সূচনা
প্রায় ৬১০ খ্রিষ্টাব্দে, মহানবী (সা.)-এর বয়স যখন ৪০ বছর, তখন হেরা গুহায় অবস্থানকালে তাঁর কাছে উপস্থিত হন ফেরেশতা জিবরাইল (আ.)। তিনি নবীজিকে বলেন, ‘ইকরা’ অর্থাৎ ‘পড়ো’।
মহানবী (সা.) উত্তরে বলেন, ‘আমি তো পড়তে জানি না।’ এরপর ফেরেশতা তাঁকে জড়িয়ে ধরে চাপ দেন। তারপর ছেড়ে দিয়ে আবার পড়তে বলেন। নবীজি (সা.) একই উত্তর দেন। এভাবে তিনবারের পর ফেরেশতা জিবরাইল (আ.) আল্লাহর পক্ষ থেকে প্রথম ওহির আয়াতগুলো পাঠ করেন।

সেগুলো ছিল পবিত্র কোরআনের সুরা আলাকের প্রথম পাঁচ আয়াত।
আল্লাহ তাআলা বলেন:

‘পড়ো তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন। তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্তপিণ্ড থেকে। পড়ো, আর তোমার রব মহামহিমান্বিত। যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। মানুষকে শিক্ষা দিয়েছেন, যা সে জানত না।’ (সুরা আলাক, আয়াত ১-৫)

এভাবেই পবিত্র কোরআন নাজিল এবং মহানবী (সা.)-এর নবুয়্যতি জীবনের নতুন অধ্যায়ের শুরু।

ভীত অবস্থায় বাড়ি ফিরলেন নবীজি
প্রথম ওহি লাভের পর মহানবী (সা.) ভীত-সন্ত্রস্ত অবস্থায় হেরা গুহা থেকে বাড়িতে ফিরে আসেন। তিনি স্ত্রী হজরত খাদিজা (রা.)-কে বলেন, ‘আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও।’
তাঁকে চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়। কিছুটা স্বাভাবিক হওয়ার পর তিনি খাদিজা (রা.)-কে পুরো ঘটনা খুলে বলেন। শঙ্কা প্রকাশ করে জানান, তাঁর ভয় হচ্ছে, নিজের কোনো ক্ষতি হয়ে যেতে পারে।

এ সময় খাদিজা (রা.) তাঁকে সাহস দেন। তিনি বলেন, কখনোই এমন হবে না। আল্লাহ আপনাকে অপমানিত করবেন না। কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, অসহায় মানুষের বোঝা বহন করেন, অভাবীদের সাহায্য করেন, অতিথিদের আপ্যায়ন করেন এবং বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান। এরপর খাদিজা (রা.) তাঁকে নিয়ে যান নিজের চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফলের কাছে।

ওয়ারাকা ইবনে নওফলের স্বীকৃতি
ওয়ারাকা ইবনে নওফল ছিলেন পূর্ববর্তী আসমানি কিতাব সম্পর্কে জ্ঞানী একজন ব্যক্তি। তিনি খ্রিষ্টধর্ম গ্রহণ করেছিলেন এবং ইবরানি ভাষায় ধর্মগ্রন্থ পাঠ করতেন।
মহানবী (সা.)-এর কাছ থেকে পুরো ঘটনা শুনে তিনি বলেন, এ সেই ফেরেশতা, যিনি হজরত মুসা (আ.)-এর কাছে এসেছিলেন। তিনি আরও জানান, আপনার সম্প্রদায় একসময় আপনাকে দেশ থেকে বের করে দেবে।

এ কথা শুনে মহানবী (সা.) বিস্মিত হয়ে জানতে চান, তারা কি সত্যিই তাঁকে বের করে দেবে? ওয়ারাকা বলেন, আপনার মতো বার্তা নিয়ে যিনি এসেছেন, তাঁর সঙ্গেই শত্রুতা করা হয়েছে। আমি যদি সেই দিন পর্যন্ত বেঁচে থাকি, তাহলে আপনাকে সর্বাত্মক সহযোগিতা করব।

তবে কিছুদিন পরই ওয়ারাকা ইন্তেকাল করেন। এরপর কিছু সময়ের জন্য ওহি আসা বন্ধ থাকে। (সহিহ বুখারি, হাদিস ৩-৪)

প্রথম ওহিতে কী বার্তা ছিল?
হেরা গুহায় প্রথম নাজিল হওয়া আয়াতগুলোর দিকে তাকালে দেখা যায়, ইসলামের সূচনালগ্নেই জ্ঞান, শিক্ষা ও সৃষ্টির প্রতি মানুষের মনোযোগ আকর্ষণ করা হয়েছে। প্রথম নির্দেশ ছিল ‘পড়ো’। একই সঙ্গে কলমের মাধ্যমে শিক্ষা দেওয়ার বিষয়টিও তুলে ধরা হয়েছে।

এটি ইসলামে জ্ঞানার্জনের গুরুত্বের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। পরবর্তী প্রায় ২৩ বছর ধরে বিভিন্ন সময় ও পরিস্থিতিতে মহানবী (সা.)-এর ওপর পবিত্র কোরআন নাজিল হয়। যা পরবর্তী সময়ে মানবজাতির জন্য পূর্ণাঙ্গ জীবনবিধান হিসেবে প্রতিষ্ঠিত হয়।

আজও ইতিহাসের সাক্ষী হেরা গুহা
সৌদি আরবের মক্কা নগরীর উত্তর-পূর্ব দিকে অবস্থিত জাবালে নূর পাহাড়। পাহাড়টির চূড়ার কাছেই রয়েছে ঐতিহাসিক হেরা গুহা। এখানেই মহানবী হজরত মুহাম্মদ (সা.) প্রথম ওহি লাভ করেছিলেন।

বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মক্কায় যাওয়া মুসলমানদের অনেকে ঐতিহাসিক এই স্থানটি দেখতে যান। পাহাড়ের দুর্গম পথ পেরিয়ে গুহায় পৌঁছাতে হয়। তবে হেরা গুহা জিয়ারত হজ বা ওমরাহর আবশ্যকীয় কোনো অংশ নয়।

ইসলামের ইতিহাসে হেরা গুহার গুরুত্ব এখানেই, এই নির্জন স্থান থেকেই শুরু হয়েছিল পবিত্র কোরআন নাজিলের ইতিহাস, যার আলোয় পথ দেখেছে কোটি কোটি মানুষ।

বিভি/এনএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত