• NEWS PORTAL

  • সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

গোপনে বিয়ে করা কি জায়েজ, কী বলছে ইসলাম?

প্রকাশিত: ১৩:০৪, ১৬ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
গোপনে বিয়ে করা কি জায়েজ, কী বলছে ইসলাম?

ছবি: সংগৃহীত

প্রেমের সম্পর্ক থেকে বিয়ের সিদ্ধান্ত। কিন্তু পরিবারের সম্মতি নেই। তাই কাউকে না জানিয়ে বিয়ে করে ফেললেন দুজন। আবার কেউ কাজি অফিসে গিয়ে পরিবারের অমতেই বিয়ে করছেন। অনেকের ধারণা, দুজন সাক্ষী থাকলেই গোপনে বিয়ে করা বৈধ। কিন্তু ইসলামি শরিয়ত এ বিষয়ে কী বলে? সাক্ষী ছাড়া বিয়ে করলে কি তা বৈধ হবে? আর পরিবারের অনুমতি ছাড়া বিয়ে করার বিধানই বা কী?

ইসলামে বিয়ে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সামাজিক বন্ধন। এ কারণে বিয়ের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়ম ও শর্ত রয়েছে। শুধু দুজন মানুষের সম্মতি থাকলেই বিয়ে সম্পন্ন হয় না; বরং ইজাব-কবুল, সাক্ষী এবং প্রযোজ্য ক্ষেত্রে অভিভাবকের ভূমিকার বিষয়টিও গুরুত্বপূর্ণ।

সাক্ষী ছাড়া গোপনে বিয়ে করলে কি বৈধ হবে?
ইসলামি শরিয়তে বিয়ের অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হলো ইজাব-কবুল ও সাক্ষীর উপস্থিতি। অর্থাৎ এক পক্ষ থেকে বিয়ের প্রস্তাব এবং অন্য পক্ষ থেকে তা গ্রহণ করতে হবে। এ সময় শরিয়ত নির্ধারিত সাক্ষী উপস্থিত থাকতে হবে।

হানাফি মাজহাব অনুযায়ী, বিয়ের সময় অন্তত দুইজন প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্কসম্পন্ন মুসলিম পুরুষ অথবা একজন পুরুষ ও দুজন নারী সাক্ষী উপস্থিত থাকতে হবে। তাদের সামনে বিয়ের প্রস্তাব ও গ্রহণ সম্পন্ন হতে হবে।

তাই কোনো নারী-পুরুষ শুধু নিজেদের মধ্যে বিয়ের ঘোষণা দিয়ে বা সাক্ষী ছাড়া বিয়ে করলে তা হানাফি মাজহাব অনুযায়ী বৈধ হবে না।

সাক্ষী রেখে বিয়ে গোপন করলে কী হবে?
সাক্ষী ছাড়া বিয়ে করা এবং সাক্ষী রেখে বিয়ের বিষয়টি অন্যদের কাছ থেকে গোপন রাখা এক বিষয় নয়।

হানাফি মাজহাব অনুযায়ী, বিয়ের প্রস্তাব ও গ্রহণ এবং প্রয়োজনীয় সাক্ষীর শর্ত পূরণ হলে শুধু বিয়ের খবর অন্যদের জানানো হয়নি, এ কারণে বিয়ে বাতিল হয়ে যায় না। অর্থাৎ প্রয়োজনীয় শর্ত পূরণ হলে এমন বিয়ে বৈধ হতে পারে।

তবে বিয়েকে গোপন না রেখে প্রকাশ করার প্রতি ইসলাম উৎসাহ দিয়েছে। কারণ, বিয়ে প্রকাশ্যে হলে স্বামী-স্ত্রীর সম্পর্ক নিয়ে সমাজে সন্দেহ তৈরি হয় না। পাশাপাশি উভয়ের অধিকার রক্ষাও সহজ হয়।

এ বিষয়ে মাজহাবগুলোর মধ্যে কিছু মতপার্থক্য রয়েছে। বিশেষ করে মালিকি মাজহাবে সাক্ষীদের বিয়ের বিষয়টি গোপন রাখার নির্দেশ দেওয়ার ক্ষেত্রে কঠোর অবস্থান রয়েছে। তাই গোপন বিয়ের বিধান সব মাজহাবে একইভাবে বিবেচিত হয় না।

অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করা যাবে?

গোপনে বিয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি আলোচিত প্রশ্নগুলোর একটি হলো, মেয়ের অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করা যাবে কি না?

এ বিষয়ে ইসলামি ফিকহের মাজহাবগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে।

শাফেয়ি, মালিকি ও হাম্বলি মাজহাব অনুযায়ী, নারীর বিয়েতে অভিভাবক বা ওলির অনুমতি ও সম্পৃক্ততা অপরিহার্য। অভিভাবক ছাড়া বিয়ে করলে তা বৈধ হবে না।

অন্যদিকে, হানাফি মাজহাব অনুযায়ী, প্রাপ্তবয়স্ক ও সুস্থ মস্তিষ্কসম্পন্ন নারী নির্দিষ্ট শর্তে নিজেই নিজের বিয়ের চুক্তি সম্পন্ন করতে পারেন। তবে পাত্র উপযুক্ত কি না এবং মোহর যথাযথ কি না, এসব বিষয়ও বিবেচনায় রাখতে হয়।

তবে এর অর্থ এই নয় যে, পরিবারের অমতে গোপনে বিয়ে করাই উৎসাহিত করা হয়েছে। বরং অভিভাবকদের সঙ্গে আলোচনা করে বিয়ে সম্পন্ন করাকে অধিকতর নিরাপদ ও কল্যাণকর হিসেবে বিবেচনা করা হয়।

বিয়ে প্রকাশ করার বিষয়ে কী বলেছে ইসলাম?
ইসলামে বিয়েকে প্রকাশ করার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা বিয়েকে প্রকাশ করো।’ (সুনানে তিরমিজি)

এ ছাড়া বিয়ে ও অবৈধ সম্পর্কের মধ্যে পার্থক্য স্পষ্ট করার ক্ষেত্রে বিয়ের ঘোষণা ও প্রচারের প্রতি হাদিসে উৎসাহ দেওয়া হয়েছে।

এর মাধ্যমে বোঝা যায়, বিয়ে শুধু ব্যক্তিগত সম্পর্ক নয়; বরং এটি সামাজিকভাবেও স্বীকৃত হওয়া উচিত। বিয়ে গোপন রাখলে পরবর্তী সময়ে স্বামী-স্ত্রীর পরিচয়, অধিকার ও পারিবারিক সম্পর্ক নিয়ে জটিলতা তৈরি হতে পারে।

বাংলাদেশের আইনে বিয়ে নিবন্ধন কি বাধ্যতামূলক?

বাংলাদেশে মুসলিম বিবাহ নিবন্ধন করা আইনত বাধ্যতামূলক। মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) আইন, ১৯৭৪-এর ৩ ধারায় মুসলিম আইনে সম্পন্ন প্রতিটি বিয়ে নিবন্ধনের বিধান রয়েছে।

এ আইনের ৫ ধারা অনুযায়ী, নিকাহ রেজিস্ট্রার নিজে বিয়ে পড়ালে সঙ্গে সঙ্গে নিবন্ধন করবেন। আর অন্য কেউ বিয়ে পড়ালে বরকে বিয়ের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট নিকাহ রেজিস্ট্রারের কাছে তা জানাতে হবে।

অর্থাৎ বিয়ে সম্পন্ন করার পাশাপাশি আইন অনুযায়ী নিবন্ধন করাও জরুরি। নিবন্ধন না করলে আইনগত জটিলতা তৈরি হতে পারে এবং বিয়ের প্রমাণ উপস্থাপনেও সমস্যা দেখা দিতে পারে।

গোপনে বিয়ে করলেই তা সব ক্ষেত্রে অবৈধ কিংবা বৈধ, এমন সিদ্ধান্ত দেওয়া যায় না। বিয়ের সময় শরিয়তের প্রয়োজনীয় শর্ত পূরণ হয়েছে কি না, সাক্ষী উপস্থিত ছিলেন কি না এবং অভিভাবকের বিষয়ে সংশ্লিষ্ট মাজহাবের বিধান কী, তা বিবেচনা করতে হবে। তাই আবেগের বশে গোপনে বিয়ের সিদ্ধান্ত না নিয়ে আগে শরিয়তের বিধান জানা এবং পরিবারের সঙ্গে আলোচনা করাই উত্তম।

বিভি/এনএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত