• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

মালয়েশিয়ার এক প্রতিষ্ঠানেই বছরে ছাপানো হয় ৩০ লাখ কপি কোরআন

প্রকাশিত: ১১:৫৮, ১৭ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
মালয়েশিয়ার এক প্রতিষ্ঠানেই বছরে ছাপানো হয় ৩০ লাখ কপি কোরআন

ছবি: সংগৃহীত

পবিত্র কোরআন ছাপার কাজ শুরুর আগে অজু করেন কর্মীরা। প্রতিটি পৃষ্ঠা একাধিকবার পরীক্ষা করা হয়। এমনকি কোনো পৃষ্ঠা বাদ পড়েছে কি না, তা নিশ্চিত করতে প্রতিটি কপির ওজনও মাপা হয়। ধর্মীয় পবিত্রতা ও সর্বোচ্চ নির্ভুলতা বজায় রেখে এভাবেই বছরে সর্বোচ্চ ৩০ লাখ কপি কোরআন ছাপানোর সক্ষমতা রয়েছে মালয়েশিয়ার একটি প্রতিষ্ঠানের।

প্রতিষ্ঠানটির নাম নাসিরুল কোরআন কমপ্লেক্স। মালয়েশিয়ার প্রশাসনিক শহর পুত্রজায়ায় অবস্থিত এই প্রতিষ্ঠানটি দেশটির সবচেয়ে বড় কোরআন মুদ্রণকেন্দ্র। মালয়েশীয় কর্তৃপক্ষের দাবি, সৌদি আরবের মদিনায় অবস্থিত কিং ফাহদ কোরআন কমপ্লেক্সের পর এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কোরআন মুদ্রণকেন্দ্র।

মুদ্রণকেন্দ্রটির গাইড মুহাম্মদ আশরাফ আমির জানান, এখানে কাজ করতে হলে কর্মীদের অজু অবস্থায় থাকতে হয়। পবিত্র কোরআন স্পর্শ ও মুদ্রণের কাজে অংশ নেওয়ার আগে অজু করার নিয়ম অনুসরণ করেন তারা।

প্রতিষ্ঠানটিতে প্রতিদিন প্রায় ১৫ হাজার কপি কোরআন ছাপা হয়। এ কাজে নিয়োজিত থাকেন ৫০ থেকে ৮০ জন কর্মী। প্রথমে বড় বড় কাগজে কোরআনের পৃষ্ঠাগুলো ছাপানো হয়। এরপর প্রতিটি পৃষ্ঠার রং, লেখা ও মুদ্রণের মান পরীক্ষা করেন বিশেষজ্ঞরা।

এই যাচাইয়ের দায়িত্বে থাকেন 'লাজনাহ তাশেহ' নামে পরিচিত বিশেষজ্ঞরা। তাদের আরবি ভাষায় দক্ষ হতে হয় অথবা সম্পূর্ণ কোরআন মুখস্থ থাকতে হয়। তাদের অনুমোদনের পরই পৃষ্ঠাগুলো পরবর্তী ধাপে পাঠানো হয়।

এরপর বিশেষ যন্ত্রের সাহায্যে প্রতি ঘণ্টায় প্রায় ৮ হাজার শিট ভাঁজ করা হয়। ভাঁজ করা পৃষ্ঠাগুলো আবারও পরীক্ষা করা হয়। পরে সেগুলো নির্দিষ্ট ক্রমে সাজিয়ে সেলাই ও শক্ত মলাটে বাঁধাই করা হয়।

তবে বাঁধাইয়ের পরও শেষ হয় না যাচাইয়ের কাজ। প্রতিটি কোরআন দ্বিতীয়বার পরীক্ষা করেন বিশেষজ্ঞরা। কোনো পৃষ্ঠা বাদ পড়েছে কি না কিংবা অতিরিক্ত পৃষ্ঠা যুক্ত হয়েছে কি না, তা নিশ্চিত করতে প্রতিটি কপির ওজনও মাপা হয়।

আশরাফ আমিরের ভাষ্য অনুযায়ী, প্রতিটি কোরআনের ওজন সাধারণত প্রায় এক কেজি হওয়ার কথা। এর চেয়ে বেশি বা কম হলে সম্ভাব্য ত্রুটি আছে কি না, তা খতিয়ে দেখা হয়।

নাসিরুল কোরআন কমপ্লেক্সে বছরে সর্বোচ্চ ৩০ লাখ কপি কোরআন ছাপানোর সক্ষমতা রয়েছে। পাশাপাশি ৩০টি ভাষায় কোরআন প্রকাশের ব্যবস্থাও রয়েছে।

অন্যদিকে সৌদি আরবের কিং ফাহদ কোরআন কমপ্লেক্সে বছরে ২ কোটির বেশি কপি কোরআন উৎপাদন করা হয়। সৌদি প্রেস এজেন্সির তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি ৭৯টি ভাষায় কোরআনের অনুবাদও প্রকাশ করে।

আধুনিক প্রযুক্তির সঙ্গে ধর্মীয় পবিত্রতা ও নির্ভুলতার সমন্বয়ে মালয়েশিয়ার এই প্রতিষ্ঠান কোরআন প্রকাশনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিভি/এনএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত