দুশ্চিন্তা ও পেরেশানি দূর করার দোয়া শিখিয়েছেন রাসুল (সা.)
ছবি: সংগৃহীত
জীবনে চলার পথে নানা কারণে দুশ্চিন্তা ও পেরেশানিতে পড়তে হয় মানুষকে। কখনো আর্থিক সংকট, কখনো পারিবারিক সমস্যা, আবার কখনো ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা মনে অস্থিরতা তৈরি করে। এমন পরিস্থিতিতে অনেকেই মানসিক প্রশান্তির জন্য আল্লাহর কাছে সাহায্য চান। ইসলামেও দুশ্চিন্তা, দুঃখ ও বিপদ থেকে আল্লাহর আশ্রয় চাওয়ার বিশেষ দোয়া রয়েছে।
রাসুলুল্লাহ (সা.) নিজেও দুশ্চিন্তা, দুঃখ, অক্ষমতা ও অলসতা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। হজরত আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) এই দোয়া পড়তেন:
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَالْعَجْزِ وَالْكَسَلِ، وَالْجُبْنِ وَالْبُخْلِ، وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ
আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি, ওয়াল আজজি ওয়াল কাসালি, ওয়াল জুবনি ওয়াল বুখলি, ওয়া দালাইদ দাইনি ওয়া গালাবাতির রিজাল।
অর্থ:
হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অক্ষমতা ও অলসতা থেকে, কাপুরুষতা ও কৃপণতা থেকে, ঋণের ভার এবং মানুষের প্রাধান্য থেকে। (সহিহ বুখারি, হাদিস: ৬৩৬৯)।
দুশ্চিন্তা ও মানসিক অস্থিরতার সময় বেশি বেশি আল্লাহর জিকির ও কোরআন তিলাওয়াতের প্রতি গুরুত্ব দেওয়া উচিত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন:
أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ
জেনে রেখো, আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে।(সূরা আর-রাদ, আয়াত: ২৮)।
এ ছাড়া বিপদ ও কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণের শিক্ষা দিয়ে আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে। নিশ্চয়ই কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে।’ (সূরা আল-ইনশিরাহ, আয়াত: ৫-৬)।
দুশ্চিন্তার সময় যেসব আমল করবেন
দুশ্চিন্তা ও পেরেশানির সময় নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায়, কোরআন তিলাওয়াত, ইস্তিগফার ও জিকিরের প্রতি যত্নবান হওয়া উচিত। পাশাপাশি নিজের সমস্যা ও প্রয়োজনের কথা আল্লাহর কাছে তুলে ধরে দোয়া করতে হবে।
জীবনের কঠিন সময়ে হতাশ না হয়ে আল্লাহর ওপর ভরসা রাখা জরুরি। কারণ মুমিন বিশ্বাস করেন, আল্লাহর রহমত সব কষ্টের ঊর্ধ্বে।
বিভি/এনএইচ













মন্তব্য করুন: