মক্কার ক্লক টাওয়ারে একের পর এক বিশ্বরেকর্ড
ছবি: সংগৃহীত
সৌদি আরবের পবিত্র নগরী মক্কার বিখ্যাত ক্লক টাওয়ারে যুক্ত হয়েছে আরও দুটি বিশ্বরেকর্ড। ভবনটির ভেতরে সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত জাদুঘর এবং বিশ্বের সর্বোচ্চ উন্মুক্ত পর্যবেক্ষণ ডেক হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পেয়েছে স্থাপনাটি। নতুন স্বীকৃতি পাওয়ায় ক্লক টাওয়ারের বিশ্বরেকর্ডের সংখ্যা বেড়ে অন্তত পাঁচটিতে দাঁড়িয়েছে।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৫ জানুয়ারি রেকর্ড দুটি অর্জন করে মক্কার ক্লক টাওয়ার। তবে নতুন এই স্বীকৃতির খবর প্রকাশ্যে আসে ১৭ নভেম্বর। মক্কা সিটি ও পবিত্র স্থানগুলোর উন্নয়নবিষয়ক রয়্যাল কমিশন সম্প্রতি এ দুটি রেকর্ডের সনদ গ্রহণ করেছে।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ক্লক টাওয়ারের জাদুঘরটি ভূপৃষ্ঠ থেকে ৪২৬ দশমিক ৮৭৫ মিটার উচ্চতায় অবস্থিত। আর এর উন্মুক্ত পর্যবেক্ষণ ডেকের উচ্চতা ৫৬০ দশমিক ৮৭৫ মিটার।
পর্যবেক্ষণ ডেক থেকে এক নজরে দেখা যায় পবিত্র মসজিদুল হারামসহ মক্কা নগরীর বিস্তীর্ণ এলাকা। এখান থেকে শহরের স্থাপত্য, নগরজীবন ও চারপাশের দৃশ্য উপভোগ করতে পারেন দর্শনার্থীরা।
২০১৯ সালের মে মাসে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় ক্লক টাওয়ারের জাদুঘর। ভবনটির সর্বোচ্চ চারটি তলায় অবস্থিত এই জাদুঘরে তুলে ধরা হয়েছে জ্যোতির্বিজ্ঞান, সময় গণনার ইতিহাস, মক্কার ঐতিহ্য এবং বিশাল ঘড়িটির নির্মাণ ও প্রকৌশলগত নানা তথ্য। পাশাপাশি জ্যোতির্বিজ্ঞানে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রের ইতিহাস ও বিবর্তন সম্পর্কেও জানার সুযোগ রয়েছে।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের নির্ধারিত পদ্ধতিতে জাদুঘরটির উচ্চতা মিলিমিটার পর্যন্ত নির্ভুলভাবে পরিমাপ করা হয়েছে।
৬০১ মিটার উচ্চতার মক্কা ক্লক টাওয়ারের নির্মাণকাজ শেষ হয় ২০১২ সালে। পবিত্র মসজিদুল হারামের পাশে অবস্থিত সাতটি সুউচ্চ ভবন নিয়ে গঠিত আবরাজ আল-বাইত কমপ্লেক্সের অংশ এটি। সৌদি বিনলাদিন গ্রুপ কমপ্লেক্সটি নির্মাণ করে।
টাওয়ারটির চার পাশে রয়েছে চারটি বিশাল ঘড়ির ডায়াল। প্রতিটির ব্যাস ৪৩ মিটার। ২০১১ সালের ২৮ নভেম্বর ঘড়ির ডায়ালের বিশালত্বের জন্যও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পেয়েছিল স্থাপনাটি।
নতুন স্বীকৃতির আগে বিশ্বের সর্বোচ্চ ক্লক টাওয়ার, সবচেয়ে বড় ঘড়ির ডায়াল এবং সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত ঘড়ির ডায়াল হিসেবে রেকর্ড ছিল মক্কার এই স্থাপনার। এবার জাদুঘর ও পর্যবেক্ষণ ডেকের স্বীকৃতি যুক্ত হওয়ায় আন্তর্জাতিক রেকর্ডের তালিকায় আরও এগিয়ে গেল ক্লক টাওয়ার।
রয়্যাল কমিশনের ভাষ্য, এসব অর্জন মক্কার ঐতিহাসিক ও স্থাপত্যগত গুরুত্বকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার পাশাপাশি স্থানীয় বাসিন্দা, হজযাত্রী, ওমরাহ পালনকারী ও পর্যটকদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা সম্প্রসারণের উদ্যোগকে প্রতিফলিত করে।













মন্তব্য করুন: