দালালের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স নেওয়া কি জায়েজ? ইসলামের বিধান কী?
ছবি: সংগৃহীত
ড্রাইভিং লাইসেন্স করতে গিয়ে অনেকেই দালালের সহায়তা নেন। কেউ সরকারি ফি জমা দেওয়া, আবেদন করা ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার কাজ করিয়ে নেন। আবার কেউ পরীক্ষা না দিয়েই কিংবা ঘুষের মাধ্যমে লাইসেন্স সংগ্রহ করেন। কিন্তু দালালের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স নেওয়ার ক্ষেত্রে ইসলামের বিধান কী? এ জন্য দেওয়া টাকা কি ঘুষ, নাকি পারিশ্রমিক?
ইসলামী শরিয়তের দৃষ্টিতে, ড্রাইভিং লাইসেন্স করিয়ে দেওয়ার জন্য দালালকে দেওয়া টাকা সব ক্ষেত্রে ঘুষ হিসেবে গণ্য হবে না। বিষয়টি নির্ভর করবে টাকা দেওয়ার উদ্দেশ্য এবং দালালের কাজের ধরনের ওপর।
আইনসম্মত কাজের জন্য পারিশ্রমিক দেওয়া জায়েজ
কেউ যদি নিজের প্রতিনিধি হিসেবে একজন দালালকে দিয়ে কেবল আইনসম্মত দাপ্তরিক কাজ করান, তাহলে তার শ্রম ও সেবার বিনিময়ে নির্ধারিত পারিশ্রমিক দেওয়া জায়েজ। যেমন: লাইসেন্সের জন্য অনলাইনে আবেদন করা, ফরম পূরণ, সরকারি ফি জমা দেওয়া, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত ও জমা দেওয়া কিংবা সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে লাইনে দাঁড়িয়ে কাজ সম্পন্ন করা।
এ ধরনের কাজে দালাল নিজের সময় ও শ্রম ব্যয় করেন। তাই তার সেবার বিনিময়ে পারিশ্রমিক নেওয়া শরিয়তসম্মত।
অন্যদিকে, দালালের মাধ্যমে যদি সরকারি কর্মকর্তাদের ঘুষ দেওয়া হয় অথবা ড্রাইভিং পরীক্ষায় অংশ না নিয়ে কিংবা গাড়ি চালানোর যোগ্যতা না থাকা সত্ত্বেও অসৎ উপায়ে লাইসেন্স সংগ্রহ করা হয়, তাহলে তা ঘুষ ও অন্যায় কাজের অন্তর্ভুক্ত হবে। এভাবে লাইসেন্স নেওয়া এবং এ কাজে সহযোগিতা করা উভয়ই নাজায়েজ।
হয়রানি থেকে বাঁচতে বাধ্য হয়ে টাকা দিলে গোনাহ হবে কি?
কেউ যদি গাড়ি চালানোর ক্ষেত্রে সম্পূর্ণ যোগ্য হন এবং নিয়ম অনুযায়ী পরীক্ষা দিয়ে লাইসেন্স পাওয়ার উপযুক্ত হন, কিন্তু সংশ্লিষ্ট দপ্তরের অযৌক্তিক হয়রানি, দীর্ঘসূত্রতা কিংবা জুলুমের শিকার হন, তাহলে নিজের ন্যায্য অধিকার আদায় করতে বাধ্য হয়ে অতিরিক্ত টাকা দিতে হলে তার জন্য অবকাশ রয়েছে।
এ ক্ষেত্রে টাকা প্রদানকারী গোনাহগার হবেন না বলে ফিকহের কিতাবে উল্লেখ রয়েছে। তবে অন্যায়ভাবে হয়রানি করে কিংবা নিজের দায়িত্ব পালনের বিনিময়ে অবৈধ অর্থ গ্রহণকারী ব্যক্তি গোনাহগার হবেন।
তবে কেউ যদি গাড়ি চালানোর যোগ্যতা না থাকা সত্ত্বেও শুধু টাকা দিয়ে দালালের মাধ্যমে লাইসেন্স সংগ্রহ করেন, তাহলে তা দাতা ও গ্রহীতা উভয়ের জন্যই হারাম।
ফিকহের কিতাবে যা বলা হয়েছে
হানাফি ফিকহের প্রসিদ্ধ গ্রন্থ ফাতহুল কাদির-এ বলা হয়েছে, নিজের ওপর থেকে অন্যায় ক্ষতি দূর করার জন্য বাধ্য হয়ে ঘুষ দিলে অর্থ প্রদানকারীর জন্য তা জায়েজ।
গ্রন্থটিতে বলা হয়েছে:
أما إذا دفع الرشوة لدفع الضرر عن نفسه فجائز للدافع
অর্থাৎ, কেউ নিজের ওপর থেকে ক্ষতি দূর করার জন্য ঘুষ দিতে বাধ্য হলে অর্থ প্রদানকারীর জন্য তা জায়েজ।
এ ছাড়া হিদায়া গ্রন্থেও নিজের ওপর থেকে অন্যায় বিরোধ বা ক্ষতি দূর করার জন্য অর্থ প্রদানের বিষয়ে অনুরূপ আলোচনা রয়েছে।
অন্যদিকে, কাওয়ায়েদুল ফিকহ গ্রন্থে ঘুষের সংজ্ঞায় বলা হয়েছে:
الرشوة مثلثة ما يعطى لابطال حق أو لإحقاق باطل
অর্থাৎ, অন্যের অধিকার নষ্ট করা কিংবা অন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য যা দেওয়া হয়, তা ঘুষ।
ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে দালালকে টাকা দেওয়ার বিষয়টি এককথায় জায়েজ বা নাজায়েজ বলা যাবে না। বৈধ দাপ্তরিক কাজ ও শ্রমের বিনিময়ে পারিশ্রমিক দেওয়া জায়েজ। অন্যদিকে, অযোগ্য হয়েও লাইসেন্স নেওয়া, পরীক্ষায় অনিয়ম করা কিংবা অন্যের অধিকার ক্ষুণ্ন করে ঘুষের মাধ্যমে লাইসেন্স সংগ্রহ করা হারাম। তবে নিজের ন্যায্য অধিকার আদায়ে অন্যায় হয়রানির শিকার হয়ে বাধ্যতামূলকভাবে অর্থ দিতে হলে অর্থ প্রদানকারীর জন্য শরিয়তে অবকাশ রয়েছে।
তথ্যসূত্র: হিদায়া, খণ্ড ৩, পৃষ্ঠা ১৯০; ফাতহুল কাদির, খণ্ড ৮, পৃষ্ঠা ৪০৯; কাওয়ায়েদুল ফিকহ, পৃষ্ঠা ৩০৭; গামযু উয়ুনিল বাসায়ের, খণ্ড ৪, পৃষ্ঠা ২১৯; আহসানুল ফাতাওয়া, খণ্ড ৭, পৃষ্ঠা ৩৩২।
বিভি/এনএইচ













মন্তব্য করুন: