হজ নিবন্ধনের সময়সীমা চূড়ান্ত, যে কারণে বাতিল হতে পারে প্রাথমিক আবেদন
ফাইল ছবি
২০২৭ সালের হজে যেতে ইচ্ছুক প্রাথমিক নিবন্ধিত হজযাত্রীদের জন্য সময়সীমা বেঁধে দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে নির্বাচিত প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন বাতিল বলে গণ্য হবে। রবিবার (২২ নভেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৭’-এর অনুচ্ছেদ ৫-এর (৬) অনুযায়ী সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রাথমিক নিবন্ধিত হজযাত্রীদের নির্ধারিত সময়ের মধ্যে প্যাকেজের সম্পূর্ণ অবশিষ্ট অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন নিশ্চিত করতে হবে। এ সময়সীমা ১০ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ জমা না দিলে প্রাথমিক নিবন্ধন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে।
এ অবস্থায় সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় নিবন্ধিত হজযাত্রীদের দ্রুত চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
একই দিনে জারি করা আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টিকা নেওয়ার আগে হজযাত্রীদের সাত ধরনের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। পরীক্ষার প্রতিবেদন ও ই-হেলথ প্রোফাইলের কপি জমা দিয়ে নির্ধারিত টিকাকেন্দ্র থেকে টিকা নিতে হবে। এরপর তাদের স্বাস্থ্য সনদ দেওয়া হবে। অন্যথায় প্রাথমিক আবেদন বাতিলও হওয়ার সম্ভাবনা রয়েছে।
দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে এসব পরীক্ষা করানো যাবে। স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন ও ই-হেলথ প্রোফাইলের কপি টিকাকেন্দ্রের মেডিক্যাল টিমের কাছে জমা দিতে হবে।
হজসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ১৬১৩৬ নম্বরে হজ কল সেন্টারে যোগাযোগ করতে বলা হয়েছে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: