মসজিদুল হারাম ও নববিতে মুসল্লিদের প্রশ্নের উত্তর দেবে এআই!
ছবি: সংগৃহীত
পবিত্র মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববিতে আগত মুসল্লি ও দর্শনার্থীদের ধর্মীয় প্রশ্নের উত্তর দেওয়ার সেবা আরও সহজ করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) স্মার্ট ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে সৌদি আরব। এ লক্ষ্যে ‘স্মার্ট গাইডেন্স অ্যান্ড শরিয়াহ আন্সারিং সিস্টেম’ নামে একটি প্রকল্পের উদ্বোধন করেছেন দুই পবিত্র মসজিদের ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্সির প্রধান শায়খ ড. আবদুর রহমান বিন আবদুল আজিজ আস-সুদাইস।
উদ্বোধনী অনুষ্ঠানে মসজিদে নববির ধর্মীয় বিষয়ক সহকারী প্রধান শায়খ ড. আহমদ বিন আলী আল-হুজাইফি, মসজিদটির ইমাম শায়খ ড. আবদুল্লাহ বিন আবদুর রহমান আল-বুয়াইজান, শায়খ সালেহ বিন আওয়াদ আল-মাগামসি এবং ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্সির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন এই ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে দর্শনার্থীদের ধর্মীয় প্রশ্নের উত্তর দেওয়া হবে। স্মার্ট সহকারীর মাধ্যমে ব্যবহারকারীরা প্রশ্ন করতে পারবেন এবং স্বীকৃত ও নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে আগে থেকে অনুমোদিত প্রশ্নগুলোর উত্তর পাবেন। পাশাপাশি ধর্মীয় বিশেষজ্ঞদের কাজ সহজ করতে প্রশ্নের সারসংক্ষেপ তৈরি এবং সংশ্লিষ্ট দলিল ও তথ্যসূত্র খুঁজে পাওয়ার সুবিধাও থাকবে।
শায়খ আস-সুদাইস বলেন, দুই পবিত্র মসজিদের ধর্মীয় সেবার মান উন্নয়নে আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা মুসল্লিরা দিনরাত যেকোনো সময় একাধিক ভাষায় অনুমোদিত ধর্মীয় উত্তর পেতে পারবেন। এতে অপেক্ষার সময় কমবে, উত্তরের ক্ষেত্রে সামঞ্জস্য বজায় থাকবে এবং দর্শনার্থীদের প্রয়োজন ও ব্যস্ত সময়গুলো চিহ্নিত করাও সহজ হবে।
তবে এআইয়ের দেওয়া উত্তরের ওপর সম্পূর্ণ নির্ভর করা হবে না। পুরো ব্যবস্থাটি পরিচালিত হবে আলেমদের তত্ত্বাবধান ও মানবীয় পর্যবেক্ষণের মাধ্যমে। স্বয়ংক্রিয়ভাবে কেবল অনুমোদিত বিষয় ও বহুল জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দেওয়া হবে। জটিল কিংবা ব্যাখ্যানির্ভর প্রশ্নগুলো সরাসরি ধর্মীয় বিশেষজ্ঞদের কাছে পাঠানো হবে।
এ ছাড়া উত্তরের তথ্যসূত্র সংরক্ষণ, নিয়মিত কার্যকারিতা পর্যালোচনা, ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা এবং এআইয়ের মাধ্যমে দেওয়া উত্তর সম্পর্কে স্পষ্টভাবে জানানো হবে। প্রয়োজনে ব্যবহারকারীরা সরাসরি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার সুযোগও পাবেন।
প্রকল্পের আওতায় থাকছে লিখিত প্রশ্নোত্তরের স্মার্ট সহকারী, পরীক্ষামূলক পর্যায়ে থাকা ভয়েস অ্যাসিস্ট্যান্ট, ধর্মীয় বিশেষজ্ঞদের জন্য সহায়ক প্রযুক্তি, অনুমোদিত ধর্মীয় তথ্যভান্ডার এবং সেবার মান পর্যবেক্ষণের জন্য বিশেষ কেন্দ্র।
পরিকল্পনা অনুযায়ী, নকশা প্রণয়ন, পরীক্ষামূলক কার্যক্রম ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন, এই কয়েকটি ধাপে প্রকল্পটি চালু করা হবে। ধর্মীয় নির্ভরযোগ্যতা, ভাষাগত মান, নিরাপত্তা ও পরিচালনাগত বিষয়গুলো বিবেচনায় রেখেই এর কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
সৌদি আরবের ভিশন ২০৩০-এর ডিজিটাল রূপান্তর পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে নেওয়া এই উদ্যোগের লক্ষ্য হলো দুই পবিত্র মসজিদে আগত লাখো মুসল্লি ও দর্শনার্থীর ধর্মীয় সেবা আরও সহজ, দ্রুত ও আধুনিক করা।
বিভি/এনএইচ













মন্তব্য করুন: