অটোরিকশা চাপা দিলো উল্টোদিকের ট্রাক, প্রাণ গেলো তিন যাত্রীর!
নাটোরের লালপুরে বালুবোঝাই ট্রাকের চাপায় অটোরিকশার তিনজন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত তিনজন।
মঙ্গলবার সকাল ৭টার দিকে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ লালপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার ছোটবাদকয়া গ্রামের জোহা মাস্টারের ছেলে জাহিদুল ইসলাম, একই গ্রামের সেকেন্দার আলীর ছেলে মনির হোসেন এবং ফজলুর রহমানের ছেলে বাবুল।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান ও স্থানীয়রা জানান, পাবনার ঈশ্বরদী থেকে বালুবোঝাই একটি ট্রাক লালপুরের দিকে যাচ্ছিল। পথে দক্ষিণ লালপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জাহিদুল ইসলাম ও মনির হোসেন নামে অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং মরদেহ দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথে বাবুল নামে আরও একজন মারা যান।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: