• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

১৫ ঘণ্টার ব্যবধানে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫৫, ২৪ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
১৫ ঘণ্টার ব্যবধানে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত

গত ১৫ ঘণ্টার ব্যবধানে কিশোরগঞ্জের ভৈরবে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) ও সোমবার (২৩ মার্চ) রাতে এ দুটি দুর্ঘটনা ঘটে।

ভৈরব রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. দিদার হোসেন জানান, মঙ্গলবার (২৪ মার্চ) বেলা ১২টার দিকে রেলওয়ে স্টেশনের অদূরে ২৯ নম্বর রেল ব্রিজ এলাকায় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়। নিহত যুবকের পরনে জিন্স প্যান্ট ও লাল রঙের শার্ট ছিল। তার পরিচয় শনাক্তে পিবিআইকে খবর দেওয়া হয়েছে।

অন্যদিকে, এর আগে সোমবার (২৩ মার্চ) রাত ৯টার দিকে স্টেশন সংলগ্ন পশ্চিম আউটার এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা আখাউড়াগামী তিতাস কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে আইনুল হক (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়। প্রথমে তার পরিচয় জানা না গেলেও পরে পিবিআইয়ের মাধ্যমে শনাক্ত করা হয়। তিনি কিশোরগঞ্জের তারাইল উপজেলার বানাইল ইউনিয়নের দাউদপুর এলাকার তুরাব আলীর ছেলে।

নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, আইনুল হক মানসিক রোগে ভুগছিলেন।

উভয় ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে থানা পুলিশ।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: