• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

রাজধানীর যানজট অনেকটা নিরসন হবে, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১৮:৩৬, ২৪ মার্চ ২০২৬

আপডেট: ১৮:৩৮, ২৪ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
রাজধানীর যানজট অনেকটা নিরসন হবে, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: ফেসবুক

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, স্বল্পমেয়াদি পরিকল্পনাগুলো আগামী এপ্রিল মাসের মধ্যে বাস্তবায়ন করা হলে রাজধানী ঢাকার যানজট সমস্যার অনেকটাই নিরসন হবে। মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন’ বিষয়ক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে প্রধানমন্ত্রী যে পরিকল্পনা নিয়েছেন, তার অংশ হিসেবে স্বল্প, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি করণীয় নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। এ সভায় ডিএমপি, সিটি করপোরেশনের দুই প্রশাসন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, রাজউক, বুয়েটের বিশেষজ্ঞ, ডিটিসিএসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, সভায় বেশ কিছু সিদ্ধান্তমূলক আলোচনা হয়েছে। স্বল্পমেয়াদি যেসব পদক্ষেপ নেওয়া সম্ভব, সেগুলো পরবর্তীতে রেজুলেশন আকারে জানানো হবে। তবে আশা করা যাচ্ছে, এপ্রিল মাসের শেষ নাগাদ এসব পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে, যা যানজট কমাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

সালাহউদ্দিন আহমদ জানান, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনাগুলো বাস্তবায়ন হলে ঢাকার ট্রাফিক ব্যবস্থায় বড় ধরনের উন্নয়ন ঘটবে। এর অংশ হিসেবে ট্রাফিক সিগন্যাল ব্যবস্থাকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে অটোমেশনের আওতায় আনা হচ্ছে।

তিনি বলেন, বর্তমানে সাতটি সিগন্যাল অটোমেশনের আওতায় চালু রয়েছে। আগামী সপ্তাহে আরও ছয়টি ইন্টারসেকশনে এই ব্যবস্থা চালু করা হবে। পর্যায়ক্রমে ঢাকার প্রায় ১২০টি ট্রাফিক সিগন্যাল অটোমেশনের আওতায় আনা হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: