সীমান্তে পলাতক নেতাদের বৈঠকের ভুয়া খবরে উত্তেজনা, নিরাপত্তা জোরদার
পলাতক শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের পেট্রাপোল সীমান্ত ঘুরে গিয়েছেন সেখানে পালিয়ে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ চার নেতা, এমন গুজব খবর ছড়িয়ে পড়ায় বেনাপোল সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কঠোর নজরদারি ও নিরাপত্তা জোরদারসহ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিএনপির নেতাকর্মীদের সাথে গ্রামবাসীরাও বিজিবির সাথে রাত জেগে সীমান্ত পাহারা দিচ্ছে।
এর আগে রবিবার (২২ নভেম্বর) ভারতের পেট্রাপোল সীমান্ত এলাকায় আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাছিম, জাহাঙ্গীর কবির নানক, আলাউদ্দিন নাফিজ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ বেশ কয়েকজন পলাতক নেতা জড়ো হয়ে বৈঠক করেছেন বলে গুজব ছড়িয়ে পড়ে। এই গুজবে নতুন করে সীমান্তে বসবাসরত গ্রামবাসীদের মাঝে টানটান উত্তেজনা বিরাজ করছে।
এমন গুজব ছড়িয়ে পড়লে রবিবার রাত থেকে যশোর ৪৯ বিজিবি ব্যাটলিয়নের পক্ষ থেকে সীমান্ত এলাকায় কঠোর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সেই সাথে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বিজিবি সদস্য। বাড়ানো হয়েছে টহল ব্যবস্থা। বিশেষ করে রাতে কেউ সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশ করতে না পারে সে জন্য বিজিবি রাতে উন্নতমানের চার্জ লাইট ব্যবহার করছে। রাতে সীমান্ত এলাকায় কাউকে না যাওয়ার পরমর্শ দিয়েছে বিজিবি। রাতে বিনাকারনে সীমান্ত এলাকায় ঘোরাফেরা না করার জন্য বিজিবির পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। সীমান্ত এলাকায় সব ধরনের যানবাহন তল্লাশী করা হচ্ছে।
গুরুত্বপূর্ণ পয়েন্টে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজনদের তল্লাশি করা হচ্ছে। পাশাপাশি সীমান্তজুড়ে টহল কার্যক্রম বাড়ানো হয়েছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
বিশেষ করে বেনাপোল চেকপোস্ট, রঘুনাথপুর, সাদীপুর, ঘিবা, পুটখালী, গোগা, দৌলতপুর সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন কার হয়েছে। এসব সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী গ্রামবাসীরা বিজিবির সাথে রাত জেগে সীমান্ত পাহারা দিতে দেখা যায়।
যে কোন ধরনের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তবর্তী এলাকায় বিএনপির নেতা কর্মীরা বিক্ষোভ, লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে প্রতিদিন। হাজার হাজার বন্দর হ্যান্ডলিং শ্রমিকরা বেনাপোল চেকপোস্টে লাঠি নিয়ে সভা সমাবেশ করছে।
হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সাধারণ সম্পাদক শহিদ আলী বলেন- স্বৈরাচার শেখ হাসিনা বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে আসার ঘোষণা দিয়েছেন। বেনাপোল দিয়ে আসার চেষ্টা করলে তাকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
ভারতের পেট্রাপোল সিএন্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, আওয়ামী লীগের শীর্ষ চার নেতা পেট্রাপোল সীমান্ত ঘুরে গিয়েছেন এধরনের কোন খবর আমার জানা নেই। তবে শুনেছি পেট্রাপোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।
এদিকে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার দুপুরে একটি সাদা গাড়িতে করে পেট্রাপোল ইমিগ্রেশন সেন্টারে পৌঁছান আওয়ামী লীগের নেতারা। তাদের মধ্যে ছিলেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক এ এফ এম বাহাউদ্দিন নাছিম এবং সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। প্রায় দুই ঘণ্টা পর তারা কলকাতার উদ্দেশে রওনা হন। গণমাধ্যমের এসব ভূয়া গুজবের খবর বিজিবি ও বিএসএফ সদস্যরা নতুন করে সীমান্তে নিরাপওা ও টহল ব্যভস্থা জোরদার করেছে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম আলম সাইফুল আলম খান বলেন, সীমান্তের ওপারে আওয়ামী লীগের শীর্ষ চার নেতা বৈঠক করেছেন এমন কোন খবর আমার জানা নেই।
তিনি বলেন- দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নানা অপপ্রচার চালাচ্ছে। দলটির নেতাকর্মীরা যাতে কোনোভাবেই সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশ করতে না পারে, সে জন্য সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন কার হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় সন্দেহজনক চলাচল, অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে। দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না।
বিভি/এজেড













মন্তব্য করুন: