দক্ষিণ সিটিতে হচ্ছে নতুন কবরস্থান
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন নতুন যুক্ত হওয়া অঞ্চল ৬ থেকে ১০ এর মধ্যে নতুন কবরস্থান নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় যাচাই-বাছাই ও পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে ডিএসসিসি।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ডিএসসিসি সূত্রে এসব তথ্য জানা গেছে। সম্প্রতি সংস্থাটির সচিব মোহাম্মদ নাছিম আহমেদ এক দফতর আদেশের মাধ্যমে এই কমিটির অনুমোদন দিয়েছেন।
সচিব মোহাম্মদ নাছিম আহমেদ জানিয়েছেন, গঠিত কমিটিকে নতুন এলাকায় (অঞ্চল ৬ থেকে ১০) একটি নতুন কবরস্থানের জন্য উপযুক্ত জায়গা নির্ধারণ, স্কেচ তৈরি, জমির মালিকানাসংক্রান্ত তথ্য সংগ্রহ এবং ভূমি অধিগ্রহণ বিষয়ে যাবতীয় সুপারিশ প্রদানের নির্দেশনা দেয়া হয়েছে।
ডিএসসিসি সূত্রে জানা গেছে, গঠিত এই কমিটির আহ্বায়ক করা হয়েছে সংস্থাটির প্রধান প্রকৌশলীকে এবং সদস্যসচিব করা হয়েছে অঞ্চল-৫-এর নির্বাহী প্রকৌশলীকে। কমিটির অন্য সদস্যরা হলেন– ডিএসসিসির প্রধান নগর পরিকল্পনাবিদ, অঞ্চল ৬ থেকে অঞ্চল ১০-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা এবং সম্পত্তি বিভাগের কানুনগো।
প্রসঙ্গত, ডিএসসিসি নিয়ন্ত্রণাধীণ কবরস্থানগুলো ২০২০ সালের নীতিমালা অনুযায়ী পরিচালিত হয়। এই নীতিমালা অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিয়ন্ত্রণাধীন আজিমপুর কবরস্থান, জুরাইন কবরস্থান (মুরাদপুর ও ধলপুর কবরস্থানসহ) ও খিলগাঁও কবরস্থান পরিচালিত হয়। ভবিষ্যতে কোনো নতুন কবরস্থান করা হলে সেটিও এই নীতিমালা অনুযায়ী পরিচালিত হবে।
বিভি/টিটি



মন্তব্য করুন: