প্রয়োজনের তুলনায় দুই-তিন গুণ বেশি তেল নিতে চাচ্ছেন গ্রাহকরা
চট্টগ্রাম নগরীতে জ্বালানি তেলের বড় ধরনের সংকট না থাকলেও ফিলিং স্টেশনগুলোতে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। আতঙ্কে অতিরিক্ত তেল নেওয়ার প্রবণতা কারণে এমন পরিস্থিতি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
শুক্রবার (২৭ মার্চ) থেকেই বন্দরনগরীর পেট্রোল পাম্পগুলোতে মোটরসাইকেল, প্রাইভেটকার ও সিএনজিচালিত যানবাহনের দীর্ঘ সারি।
পাম্প সংশ্লিষ্টরা বলছেন, অনেকেই প্রয়োজনের তুলনায় দুই থেকে তিন গুণ বেশি তেল নিতে চাইছেন। যানবাহনের ট্যাঙ্কে জ্বালানি থাকতেই আরও জ্বালানি নিতে আসছেন কেউ কেউ। এতে মজুত দ্রুত শেষ হয়ে যাচ্ছে। সরবরাহ পরিস্থিতির কারণে অনেক জায়গায় বিক্রির পরিমাণ সীমিত রাখা হয়েছে, যাতে গ্রাহকরা অন্তত কিছু তেল নিতে পারেন।
প্রকৃত অর্থে বড় কোনো ঘাটতি না থাকলেও সরবরাহের ধারাবাহিকতায় বিঘ্ন এবং অতিরিক্ত চাহিদার কারণে কৃত্রিম সংকটের মতো পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি পাম্প সংশ্লিষ্টদের।
বিভি/এআই



মন্তব্য করুন: