কুড়িগ্রামে সারের সুষ্ঠু বণ্টন ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতের নির্দেশ বিভাগীয় কমিশনারের
চলতি আমন মৌসুমে কৃষকদের মধ্যে সরকার নির্ধারিত মূল্যে সারের নিরবচ্ছিন্ন সরবরাহ ও সুষ্ঠু বণ্টন নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন রংপুরের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম এনডিসি। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে কুড়িগ্রামের রৌমারী উপজেলা পরিষদ হলরুমে রৌমারী ও চর রাজিবপুর উপজেলার সার ডিলারদের সঙ্গে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ জানান, জেলায় সারের কোনো প্রকৃত ঘাটতি নেই। সারের বরাদ্দের তথ্য তুলে ধরে তিনি বলেন, গত অর্থবছরে কুড়িগ্রাম জেলায় মোট সারের বরাদ্দ ছিল ৩ হাজার ৮০০ মেট্রিক টন। চলতি অর্থবছরে সেই বরাদ্দ বাড়িয়ে ৪ হাজার ৩০০ মেট্রিক টন করা হয়েছে। এ ছাড়া জেলা প্রশাসনের বিশেষ প্রচেষ্টায় সম্প্রতি জেলার জন্য আরও ৫০০ মেট্রিক টন অতিরিক্ত সার বরাদ্দ পাওয়া গেছে।
জেলা প্রশাসক সতর্ক করে বলেন, সারের সরবরাহ স্বাভাবিক রয়েছে। কৃত্রিম সংকট তৈরির যেকোনো অপচেষ্টা বা অনিয়ম প্রশাসন কঠোর হস্তে দমন করবে।
বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম এনডিসি বলেন, কৃষকেরা যেন হয়রানিমুক্তভাবে এবং সরকার নির্ধারিত মূল্যে সময়মতো সার পান, তা নিশ্চিত করাই প্রশাসনের প্রধান লক্ষ্য। সারের সরবরাহ ও বিতরণ কার্যক্রম সুষ্ঠু রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও ডিলারদের অত্যন্ত আন্তরিকতা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
সভায় জানানো হয়, আমন মৌসুমে কৃষকদের সার নিয়ে যাতে কোনো দুর্ভোগে পড়তে না হয়, সে বিষয়ে প্রশাসন সার্বক্ষণিক নজরদারি করবে। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি না করা, কৃত্রিম সংকট তৈরি না করা এবং গুদামে সারের স্বচ্ছ হিসাব সংরক্ষণের জন্য ডিলারদের নির্দেশনা দেওয়া হয়।
সারের বাজারে কালোবাজারি ও অনিয়ম প্রতিরোধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং কঠোর মনিটরিং জোরদারের নির্দেশ দেয় প্রশাসন।

মতবিনিময় সভায় ডিলারদের পক্ষ থেকে সার পরিবহন ও সরবরাহ ব্যবস্থার নানা দাবি ও সমস্যা তুলে ধরা হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা তা পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন।
এর আগে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক রৌমারী ও চর রাজিবপুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সার গুদাম, বিক্রয়কেন্দ্র ও সরবরাহ পয়েন্ট সরেজমিনে পরিদর্শন করেন।
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহাবুবুল হাসানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় কৃষি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং রৌমারী ও চর রাজিবপুর উপজেলার সার ডিলাররা উপস্থিত ছিলেন।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: