• NEWS PORTAL

  • রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

রংপুরে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ শুরু 

রংপুর ব্যুরো

প্রকাশিত: ২১:৫০, ২০ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
রংপুরে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ শুরু 

‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, অপরাধমুক্ত সমাজ গড়ি’, এই স্লোগানকে সামনে রেখে রংপুরে শুরু হয়েছে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬। রংপুর জেলা পুলিশের আয়োজনে রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

প্রতিযোগিতার উদ্বোধন করেন রংপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা এবং গ্রামবাংলার ঐতিহ্যের সঙ্গে এ খেলা ওতপ্রোতভাবে জড়িত। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, যুবসমাজ দেশের অন্যতম বড় শক্তি। তাদের খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রাখতে পারলে মাদক, জুয়া ও বিভিন্ন অপরাধ থেকে দূরে রাখা সম্ভব। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা, সৌহার্দ্য ও সম্প্রীতি আরও জোরদার হবে।

অনুষ্ঠিত এ চ্যাম্পিয়নশিপে জেলার ৮টি থানার দল অংশ নিচ্ছে। তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা, তাদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং পুলিশ-জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও আস্থা বৃদ্ধি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

উদ্বোধনের পর চ্যাম্পিয়নশিপের প্রথম খেলায় মুখোমুখি হয় কাউনিয়া থানা ও রংপুর সদর কোতোয়ালি থানা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শরিফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) সনজয় কুমার সরকার, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) রাসেল রানা, সহকারী পুলিশ সুপার (এসএএফ) মুকুল হোসেন এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আবু রায়হান।
এ ছাড়া রংপুর জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জ, কর্মকর্তা ও পুলিশ সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত