• NEWS PORTAL

  • রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সারের সুষম বণ্টন নিশ্চিতের তাগিদ

​কুড়িগ্রামে সার ডিলারদের নিয়ে মতবিনিময়, সেবা কেন্দ্র উদ্বোধন

শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম

প্রকাশিত: ২১:২৩, ২০ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
​কুড়িগ্রামে সার ডিলারদের নিয়ে মতবিনিময়, সেবা কেন্দ্র উদ্বোধন

​কুড়িগ্রামে কৃষকদের জন্য সারের নিরবচ্ছিন্ন জোগান নিশ্চিত করা ও কৃত্রিম সংকট রোধের লক্ষ্য নিয়ে সার ডিলার এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করে জেলা প্রশাসন।

​জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম এনডিসি। ​সভায় বিভাগীয় কমিশনার কৃষক পর্যায়ে সারের সঠিক সরবরাহ বজায় রাখতে কঠোর মনিটরিংয়ের ওপর জোর দেন। তিনি বলেন, সারের বিতরণব্যবস্থায় কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। কৃষকেরা যেন ন্যায্যমূল্যে ও সময়ে সার পান, তা সংশ্লিষ্ট সকলকে নিশ্চিত করতে হবে।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবদুল্লাহ আল মামুন এবং জেলা সার ডিলার সমিতির সভাপতি শামসুল হক। বক্তারা সারের বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও ডিলারদের যৌথ সমন্বয়ের ওপর গুরুত্ব আরোপ করেন।

মতবিনিময় সভা শেষে বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম জেলা প্রশাসকের কার্যালয়ে আগত সেবাগ্রহীতাদের সুবিধার্থে ‘ভূমিসেবা সহায়তা কেন্দ্র’ উদ্বোধন করেন। এছাড়া সাধারণ মানুষের ভোগান্তি কমাতে কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে নবনির্মিত ‘সেবাগ্রহীতাদের বিশ্রামাগার’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

পরে বিভাগীয় কমিশনার কুড়িগ্রামের বিসিআইসি বাফার সার গোডাউন পরিদর্শন করেন। এ সময় তিনি গোডাউনে সারের বর্তমান মজুদ পরিস্থিতি ও সার্বিক ব্যবস্থাপনা সরেজমিনে খতিয়ে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এসব কর্মসূচিতে স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত