• NEWS PORTAL

  • রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, যানজটে ফায়ার সার্ভিসের দেরি

প্রকাশিত: ২০:২৮, ২০ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, যানজটে ফায়ার সার্ভিসের দেরি

ঢাকার সাভারের আশুলিয়ায় ‘প্রীতি গ্রুপ’ নামে একটি তৈরি পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। গ্যাস বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় অবস্থিত কারখানাটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সোমেন বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে কারখানায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। তবে বাইপাইল সড়কে তীব্র যানজট থাকায় ফায়ার সার্ভিসের গাড়িগুলো ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা সময় লাগে।

পরে যানজট পেরিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত