• NEWS PORTAL

  • সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মরিয়মের মৃত্যু: এমপি গাজী নজরুলের শাস্তির দাবিতে উত্তাল শ্যামনগর

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০৩, ২১ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
মরিয়মের মৃত্যু: এমপি গাজী নজরুলের শাস্তির দাবিতে উত্তাল শ্যামনগর

রাজধানীর ন্যাম ভবনে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় গাজী নজরুলের শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে তার নির্বাচনী এলাকা শ্যামনগর। 

সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা সচেতন নাগরিক সমাজের ব্যানারে শ্যামনগর বাসস্ট্যান্ডসংলগ্ন সাতক্ষীরা-মুন্সিগঞ্জ মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে প্রতিবাদ সমাবেশ শেষে গাজী নজরুল ইসলামের কুশপুত্তলিকা দাহ করা হয়।

সমাবেশে বক্তারা মরিয়মের মৃত্যুর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা, গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বাতিল এবং সাতক্ষীরা-৪ আসনে পুননির্বাচনের দাবি জানান। একই সঙ্গে রাজনৈতিক প্রভাবমুক্ত তদন্ত নিশ্চিত করে দোষীদের সর্বোচ্চ শান্তি, এমনকি ফাঁসির দাবি করেন তারা। 

এতে বক্তব্য দেন, নওয়াবেকী হাইস্কুলের প্রধান শিক্ষক আসাদুজ্জামান মিঠু, নূরনগর ইউনিয়ন বিএনপির সদস্যসচিব আবু ইউসুফ, বিএনপি নেতা আবুল কালামসহ স্থানীয় নাগরিকরা।

এর আগে রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে ডিবি, পিবিআই ও সিআইডির ফরেনসিক টিম যায়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এদিকে, মরিয়মের মৃত্যুর ঘটনায় তাঁর বাবা মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় গাজী নজরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগম ও শ্যালক ওবায়দুল্লাহকে আসামি করা হয়েছে। পুলিশ গাজী নজরুল ও মাকসুদা বেগমকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন: