কুমিল্লায় এবার দুদিন ধরে নিখোঁজ আরেক কিশোর, থানায় জিডি
নিখোঁজ কিশোর ফয়সাল
কুমিল্লা নগরীর জগন্নাথপুর এলাকায় বাসার সামনে থেকে ফয়সাল (১৪) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। গত শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বাসা থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় সোমবার (২১ সেপ্টেম্বর) কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার বাবা রাসেল মিয়া।
জিডি সূত্রে জানা গেছে, জগন্নাথপুর এলাকার বাসা থেকে বের হওয়ার পর ফয়সাল আর ফিরে আসেনি। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে তার বাবা রাসেল মিয়া কোতোয়ালি মডেল থানায় জিডি করেন। জিডি নম্বর ১৫৮১।
ফয়সালের বাবা রাসেল মিয়া বলেন, ‘আমার ছেলে আগে হাফেজি মাদ্রাসায় পড়ত। সেখানে পড়াশোনা ছেড়ে দেওয়ার পর তাকে একটি ওয়ার্কশপের দোকানে কাজে দেওয়া হয়। শনিবার বাসায় দুষ্টুমি করায় তার মা তাকে থাপ্পড় দেন। পরে সে খাবার নিয়ে বাসা থেকে ওয়ার্কশপে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।’
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ফয়সালের সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজ অব্যাহত রয়েছে। কেউ তার সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার এসআই (নিরস্ত্র) মো. সাইফুর রহমান খান বলেন, ‘পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। নিখোঁজ ফয়সাল মোবাইল ফোন ব্যবহার করে না। আমরা তার সন্ধানে খোঁজখবর নিচ্ছি এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছি।’
জিডির বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দায়িত্ব দেওয়া হয়েছে এসআই (নিরস্ত্র) মো. সাইফুর রহমান খানকে।
বিভি/এজেড













মন্তব্য করুন: