৫১ কোটি টাকা ব্যয়ে নির্মিত হাসপাতাল স্বস্তি ফিরলো পুরো উপজেলায়
প্রায় ৫১ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি হাসপাতাল চালু হওয়ায় স্বস্তি ফিরেছে শরীয়তপুরের নড়িয়া উপজেলার স্থানীয়দের মাঝে। কাজ শেষ হওয়ার প্রায় দুইবছর পর অবশেষে উদ্বোধন হলো নড়িয়া উপজেলার ৫০ শয্যার নতুন স্বাস্থ্য কমপ্লেক্স।
গত শনিবার বিকেলে হাসপাতাল প্রাঙ্গণে স্বাস্থ্য কমপ্লেক্সটির উদ্বোধন করেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান কিরন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ফারহানা কাদির রহমান, শরীয়তপুরের সিভিল সার্জন ডা. রেহান উদ্দিন, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ুম খানসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিবর্গ।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ২০১৮ সালের পদ্মা নদীর ভয়াবহ ভাঙনে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধিকাংশ বিলীন হলে প্রায় পাঁচ লাখ মানুষের চিকিৎসাসেবায় সংকট তৈরি হয়। পরে ২০২০-২১ অর্থবছরে প্রায় ৫১ কোটি টাকা ব্যয়ে নড়িয়া পৌরসভা এলাকায় নির্মাণ করা হয় নতুন ৫০ শয্যার আধুনিক স্বাস্থ্য কমপ্লেক্স। চারতলা মূল ভবনের পাশাপাশি রয়েছে চিকিৎসক-নার্সদের আবাসন এবং পাঁচ শয্যার আইসিইউ ইউনিট।
নির্মাণকাজ শেষ হওয়ার পর ২০২৪ সালের সেপ্টেম্বরে উদ্বোধনের কথা থাকলেও পুরোনো স্থানে স্বাস্থ্য কমপ্লেক্স বহাল রাখার দাবিতে করা রিটের কারণে দীর্ঘদিন আটকে ছিল হাসপাতালটির কার্যক্রম। তবে সকল জটিলতা কাটিয়ে চালু হওয়ায় হাসপাতালটি চালু হওয়ায় স্বস্তি ফিরেছে স্থানীয়দের মাঝে।
দীর্ঘদিনের আইনি জটিলতা ও অচলাবস্থা পেরিয়ে অবশেষে চালু হলো নড়িয়ার ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স। এখন স্থানীয়দের প্রত্যাশা, প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও জনবল নিশ্চিত করে পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা চালু হবে দ্রুত। আর নড়িয়াবাসীর আস্থার ঠিকানা হয়ে উঠবে নতুন এই স্বাস্থ্য কমপ্লেক্স।
বিভি/এজেড













মন্তব্য করুন: