বাবার স্বপ্ন পূরণে ২২ বছর অপেক্ষা করেছি: গণপূর্তমন্ত্রী
‘বাবার এই স্বপ্ন পূরণ করতে আমাকে প্রায় ২২ বছর অপেক্ষা করতে হয়েছে। এলাকার মানুষের চিকিৎসার কথা চিন্তা করেই তিনি এই হাসপাতালের স্বপ্ন দেখেছিলেন।’—কুমিল্লার বরুড়ায় প্রয়াত সাবেক সংসদ সদস্য এ কে এম আবু তাহেরের নামে নির্মিত ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল উদ্বোধনকালে এসব কথা বলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার আদ্রা ইউনিয়নের সোনাইমুড়িতে ফিতা কেটে হাসপাতালটির উদ্বোধন করেন তিনি।
মন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেন, ‘মানুষের সবচেয়ে বড় প্রয়োজন চিকিৎসা। মানুষ অসুস্থ হলে সুস্থ হওয়ার জন্য বাড়িঘর, জমিজমা পর্যন্ত বিক্রি করে দেয়। এই এলাকার মানুষের জন্য কী করা যায়—সেই চিন্তা থেকেই আমার বাবা হাসপাতালটি প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন।’
তিনি আরও বলেন, অবহেলিত এ জনপদের মানুষের স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে হাসপাতালটি নির্মাণ করা হয়েছে। এখানে নামমাত্র খরচে চিকিৎসাসেবা পাওয়া যাবে এবং আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ সেবা কার্যক্রম চালু করা হবে।
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রায় ১০ কোটি ৬০ লাখ ৪৪ হাজার টাকা ব্যয়ে হাসপাতালটি নির্মাণ করা হয়েছে। বর্তমানে সীমিত জনবল নিয়ে বহির্বিভাগের চিকিৎসাসেবা শুরু হয়েছে।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ফারজানা মাহফুজ জানান, ইনডোরসহ পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করতে প্রয়োজনীয় জনবল নিয়োগ সম্পন্ন করা প্রয়োজন।
উদ্বোধনী অনুষ্ঠানে বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি, ডেপুটি সিভিল সার্জন ডা. রেজা মোহাম্মদ সারোয়ার আকবরসহ স্থানীয় রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিভি/এজেড













মন্তব্য করুন: