ষড়যন্ত্র করে উন্নয়নের ধারাবাহিকতা ব্যাহত করা যাবে না: এমপি খোকন
জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত বর্তমান সরকার ন্যায়, নীতি ও সততার সঙ্গে দেশ পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। তিনি বলেন, একটি ষড়যন্ত্রকারী মহল পরিকল্পিতভাবে সন্ত্রাস সৃষ্টি করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালাচ্ছে। তবে সচেতন জনগণ পাশে থাকায় কোনো চক্রান্ত করেই দেশের উন্নয়নের ধারাবাহিকতা ব্যাহত করা যাবে না।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে নির্যাতিত, দুস্থ মহিলা ও শিশু কল্যাণ তহবিল থেকে মঞ্জুরীকৃত অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিগত সরকারের সমালোচনা করে খায়রুল কবির খোকন বলেন, অতীতে জনগণের জন্য বরাদ্দ টিআর, কাবিখাসহ বিভিন্ন খাতের অর্থ সাধারণ মানুষ পায়নি। জবাবদিহিতা না থাকায় এসব অর্থ লুটপাট করে জনগণকে বঞ্চিত করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, ওই সরকারের দোসররা এখন রাজনীতি ও জনগণ থেকে বিচ্ছিন্ন। মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগের প্রেক্ষাপটে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
খায়রুল কবির খোকন বলেন, এখন বিভিন্ন অজুহাতে নতুন করে চক্রান্ত শুরু হয়েছে। অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে ‘ঘোলা পানিতে মাছ শিকার’ করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।
নরসিংদী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শিরিন সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল ইসলাম, কৃষি কর্মকর্তা স্বাক্ষর চন্দ্র বণিকসহ অনেকে। অনুষ্ঠানে ৪১ জন উপকারভোগীর মধ্যে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: