ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীর বিস্ফোরক মন্তব্য, জিজ্ঞাসাবাদ করতে পারে ডিএমপি
রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর একটি মন্তব্যের প্রসঙ্গ তুলে তাকে প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করা উচিৎ বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার তোফায়েল আহমেদ মিয়া। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ব্রিফিংয়ে পুলিশ জানায়, দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম এবং ৯ হাজার পিস মুখোশসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার জাহিদ হাসান ইমনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশ।
পুলিশের ভাষ্য, একটি বড় রাজনৈতিক দলের নেতার নির্দেশে ইমন এসব কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তবে এ দাবির বিষয়ে ওই দলের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। ডিএমপি জানায়, গ্রেফতার জাহিদ হাসান ইমনের বিরুদ্ধে শাহবাগ ও লালবাগ থানায় পৃথক দুটি মামলা রয়েছে।
এর আগে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছিলেন, সরকার তাদের তিনটি দাবি মেনে নিলে ঢাকায় আর ককটেল বিস্ফোরণ ঘটবে না। তার বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে বিতর্ক তৈরি হয়। বিভিন্ন রাজনৈতিক পক্ষ তার বক্তব্যের ভিন্ন ব্যাখ্যা দিয়েছে।
ডিএমপির যুগ্ম কমিশনার তোফায়েল আহমেদ মিয়া বলেন, সাম্প্রতিক ঘটনাগুলোর তদন্তে কারও বক্তব্য বা সংশ্লিষ্টতার বিষয়ে প্রয়োজন মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। পুলিশ জানিয়েছে, ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত এবং অভিযান অব্যাহত রয়েছে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: