রাঙ্গামাটিতে পর্যটন মেলা শুরু: নারী উদ্যোক্তাদের পণ্যে প্রাণচাঞ্চল্য
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার (২৭ সেপ্টেম্বর) রাঙ্গামাটিতে বর্ণাঢ্য আয়োজনে তিন দিনব্যাপী পর্যটন মেলার উদ্বোধন করা হয়েছে। রাঙ্গামাটি জেলা পরিষদ কার্যালয়ের সম্মুখে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার।
এবারের মেলায় রাঙ্গামাটির স্থানীয় কৃষি ও হস্তশিল্পের প্রায় ৫০টি স্টল বসেছে। প্রতিবারের মতো এবারও পাহাড়ি নারীদের উৎপাদিত ঐতিহ্যবাহী পণ্যের পসরা নিয়ে বসেছেন নারী উদ্যোক্তারা, যা মেলায় আগত পর্যটক ও স্থানীয়দের আকৃষ্ট করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান বলেন, ‘পর্যটন শিল্পের বিকাশের পাশাপাশি স্থানীয় উদ্যোক্তাদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে লক্ষ্যে আমরা এই মেলার আয়োজন করেছি। এই মেলাতে স্থানীয় নারী উদ্যোক্তারা তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে পসরা বসিয়েছে।’
চেয়ারম্যান বলেন, ‘আমাদের নারী উদ্যোক্তারা তাদের নিজস্ব প্রচেষ্টায় অনেক দূর এগিয়ে যাওয়ার চেষ্টা করছে এরা। তো, সেই ক্ষেত্রে তারা নিজের উদ্যোগেই কিন্তু এই কাজগুলি, এই প্রোডাকশনগুলি কেউ তৈরি করছে, কেউ মার্কেটিং... তৈরি করার পরে এরা মার্কেটিংয়ের সুযোগটা পাচ্ছে না। আমাদের মূল উদ্দেশ্য হলো তাদেরকে মানে এই যে মার্কেটিং করার সুযোগের ব্যবস্থা করে দেওয়া।’

তিনি বলেন, ‘আমরা এর মাধ্যমে আমরা চেষ্টা করব বিসিক সহ আমাদের যে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টগুলো আছে, সবাইকে নিয়ে একটা মার্কেট চেইন তৈরি করে আমরা এই প্রোডাক্টগুলো যাতে সারা রাঙ্গামাটিতে, সারা বাংলাদেশে এবং আমাদের ইন্টারন্যাশনালে যারা আমরা মার্কেটিংটা করতে পারি, এজন্যই কিন্তু তাদেরকে এই জন্য তাদের এনকারেজ করা, তাদের সহযোগিতা করা, তারা যাতে মানে এই কর্মসংস্থান সৃষ্টি করে রাঙ্গামাটিতে একটা নিজস্ব শিল্পের, বিশেষ করে কুটির শিল্পের যে একটা সম্ভাবনাময় খাত। সেই সাথে এই খাতটা আমাদের পর্যটনের ক্ষেত্রে যাতে সাপোর্ট করতে পারে, এজন্যই কিন্তু এই আয়োজন এবং তাদের সহযোগিতা এবং সাফল্য কামনা করছি।’
তিনি বলেন, আগামী দিনে আমাদের পর্যটন শিল্পের বিকাশে এবং পাহাড়ের উৎপাদিত পণ্য সামগ্রী যাতে দেশের বিভিন্ন অঞ্চলে রপ্তানী করা যায় সেই দিকে লক্ষ্য রেখে কাজ করে যাচ্ছি। আগামী কিছু দিনের মধ্যে এই সুফল পার্বত্য অঞ্চলের মানুষ পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ও পর্যটন বিষয়ক আহবায়ক শ্বাশৎ চাকমা রিংকু, অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, নন্দিতা দাশ এবং রাঙ্গামাটি পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমা প্রমুখ।
মেলাটি স্থানীয় অর্থনীতি ও পর্যটন খাতের প্রসারে নতুন মাত্রা যোগ করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করছেন।
বিভি/এআই













মন্তব্য করুন: