• NEWS PORTAL

  • রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

পেট্রল বোমা নিক্ষেপের পর দোকানিকে কুপিয়ে হত্যা!

প্রকাশিত: ১৭:৩২, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
পেট্রল বোমা নিক্ষেপের পর দোকানিকে কুপিয়ে হত্যা!

রাজশাহীতে আবদুল বারী (৪০) নামে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এর আগে তার দোকানে পেট্রল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়া হয়। শনিবার (২৬ সেপ্টেম্বর) দিনগত রাত পৌনে ২টার দিকে নগরের রাজপাড়া থানার বাকির মোড় এলাকায় এ ঘটনা ঘটে। টাকা ভাঙিয়ে না দেওয়াকে কেন্দ্র করে আগের বিরোধের জেরে এ হামলা হয়েছে বলে নিহতের স্বজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) গণমাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

নিহত আবদুল বারী ওই এলাকার বদরুল সরকারের ছেলে। তিনি বাড়ির সামনেই একটি মুদি দোকান চালাতেন।

নিহতের স্বজন ও পুলিশের ভাষ্য, শনিবার সন্ধ্যার পর নগরের চণ্ডীপুর এলাকার কয়েকজন যুবক বাকির মোড় এলাকায় আসেন। তারা বারীর দোকানে টাকা ভাঙাতে গেলে তিনি টাকা ভাঙিয়ে দিতে পারবেন না বলে জানান। এ নিয়ে তাদের সঙ্গে বারীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে। এর জেরে রাত পৌনে ২টার দিকে ৫০ থেকে ৫৫ জনের একটি দল দেশীয় অস্ত্র ও পেট্রল বোমা নিয়ে বারীর বাড়ির সামনে আসেন বলে পুলিশ ও স্বজনেরা জানান। হামলাকারীরা প্রথমে দোকানের শাটারের তালা ভেঙে ফেলেন। পরে পেট্রল বোমা নিক্ষেপ করে দোকানে আগুন ধরিয়ে দেন।

দোকানে আগুন দেখে বারীসহ পরিবারের সদস্যরা বাড়ি থেকে বের হয়ে আসেন। এ সময় হামলাকারীরা বারীকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। হামলাকারীরা চলে যাওয়ার পর গুরুতর আহত অবস্থায় বারীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় রোববার দুপুর পর্যন্ত কাউকে আটক করা যায়নি। তিনি আরও বলেন, নিহতের মরদেহ রামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে। এজাহার পাওয়ার পর আসামিদের শনাক্ত করে গ্রেফতারের উদ্যোগ নেওয়া হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: