উন্নয়ন বাধাগ্রস্তকারী অপশক্তি প্রতিহতের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
কোনো অপশক্তি দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে চাইলে তাদের প্রতিহত করতে বিএনপির নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো অপশক্তি যেন দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে না পারে, সে জন্য বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সজাগ ও প্রস্তুত থাকতে হবে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা যখন ফারাক্কার বিরুদ্ধে চীনের সহযোগিতায় তিস্তা ব্যারেজ করতে যাচ্ছি, আমাদেরকে বর্ষার সময় পানি দিয়ে মারবে, আমাদেরকে খরা মৌসুমে খরা দিয়ে মারবে, সুরমার পানি আটকে সিলেটকে উজাড় করে দেবে—আমরা তা হতে দিতে পারি না। আমরা চীনের সহযোগিতায় তিস্তা ব্যারেজ নির্মাণ করতে যাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘আমাদের মাটির ওপর দিয়ে তোমরা চলবে, ট্যাক্স দেবে না—তা হতে পারে না। আমরা দেশের স্বার্থ বিক্রি করব না। আমাদের জায়গা এমন একটি ভৌগোলিক অবস্থানে, আমাদেরকে চোখ রাঙালে লাভ হবে না। বাংলাদেশের এক ইঞ্চি মাটি কারও নেওয়ার ক্ষমতা নেই।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সাংবিধানিকভাবে যাদের রাজনীতি করা নিষিদ্ধ, যাদের অতীত ইতিহাস খুন, যাদের অতীত ইতিহাস গুম করা, যাদের অতীত ইতিহাস লুণ্ঠন করা—সেই মানুষগুলো যদি আমাদের গণতান্ত্রিক যাত্রাপথে বাধা হতে চায়, আপনাদের প্রতি নির্দেশ থাকবে, বাংলার জমিনে কাউকে সন্ত্রাস করতে দেওয়া যাবে না।’
সাম্প্রতিক গ্যাসের সমস্যা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘বঙ্গোপসাগরের বামদিকে মিয়ানমার গ্যাস তুলতেছে, ডান দিকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে, আমাদের গ্যাসসহ নিয়ে যাচ্ছে। উনারা দেখেননি এতদিন। কারণ তাদের গুরুজনরা রাগ করবেন, সেজন্য তোলেনি। আর আজকে গ্যাসের অভাবে গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাচ্ছে।’
তিনি বলেন, ‘আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক মহলে আলাপ করে বঙ্গোপসাগরের নিচ থেকে গ্যাস উত্তোলনের ব্যবস্থা করছেন। সেই গ্যাস দিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করব।’
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আজাদ হোসেন খানের সভাপতিত্বে এবং জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাইদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত, জেলা পরিষদের প্রশাসক জামিলুর রশিদ খান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বিজ্ঞ পিপি নুরতাজ আলম বাহার, সত্যেন কান্ত মণ্ডিত ভজন, গোলাম আবেদীন কায়সার, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, সদস্যসচিব তুহিনুর রহমান তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিন্নাহ খান, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজিবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
পরে জেলা শহরের শহীদ স্মৃতিস্তম্ভে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেনের নেতৃত্বে জেলা শহরে র্যালি অনুষ্ঠিত হয়।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: